কলম্বো, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএফপি)- শ্রীলংকায় গৃহযুদ্ধের শেষপর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত জাতিসংঘের তিন সদস্যের প্যানেলকে দেশে প্রবেশ করতে দেবে না কলোম্বো সরকার।
বৃহস্পতিবার শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন।
কয়েকদশক ধরে চলা জাতিগত সংঘাতের পর গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগা দের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছে শ্রীলংকার সেনাবাহিনী।
লড়াইকালে সেনাবাহিনী হাজার হাজার বেসামরিক তামিল নাগরিককে হত্য করেছে বলে যে অভিযোগ উঠেছে শ্রীলংকা সরকার বারবার তা অস্বীকার করে আসছে।
শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী যামিনি লক্ষণ পেইরিস সাংবাদিকদের বলেছেন, "জাতিসংঘের তদন্তপ্যানেলের সদস্যদেরকে ভিসা দেওয়া হবে না এবং তাদেরকে আমরা দেশে ঢুকতে দেব না।"
শ্রীলংকায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে এবং পরামর্শ দিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার যে প্যানেল গঠন করেছেন তা একেবারেই অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন পেইরিস ।
তিনি আরো বলেন, আমরা মনে করি প্যানেলটি অযাচিত হস্তক্ষেপ। শ্রীলংকা সরকারের নিজস্ব তদন্ত কমিটি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য সরকার কে সময় দেয়া উচিত।
এর আগে শ্রীলংকা সেনাবাহিনীর যুদ্ধপরাধের অভিযোগ তদন্ত করার জাতিসংঘের পরিকল্পনাকে বুধবার নিন্দা জানিয়েছিল।
লঙ্কান সেনাবাহিনী কয়েক হাজার বেসামরিক তামিল হত্যা করেছে বলে অভিযোগ ওঠায় আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘ মহাসচিব ওই তদন্ত প্যানেল গঠনের উদ্যোগ নেন।
জাতিসংঘের মুখপাত্র জানান, এ প্যানেলের কাজ হলো মূলত পরামর্শ দেওয়া এবং প্রাথমিক দায়িত্ব হলো শ্রীলংকা কর্তৃপক্ষের সঙ্গে বাদবাকী তদন্ত সম্পন্ন করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭১৯ ঘ.
bdnews24