ক্যাস্টালডিফেলস, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- স্পেনে রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেলেন ১২ জন। বৃহস্পতিবার আঞ্চলিক কর্মকর্তা ও সংবাদমাধ্যমসূত্রে এ খবর জানা যায়।
দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্পেনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বেতার।
বার্সেলোনার দক্ষিণে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় ক্যাস্টালডিফেলস প্লায়া স্টেশনে বুধবার স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে (২১৩০ জিএমটি) এ দুর্ঘটনা ঘটে বলে আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
প্রতিবছরের মতো এবারও গ্রীষ্মের মধ্যভাগে সেন্ট জনস ডে উৎসবে অংশ নিতে গিয়ে একদল তরুণ-তরুণী রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তরুণ-তরুণীদের দলটি যে মুহূর্তে রেললাইন অতিক্রম করছিল, ঠিক সেই সময় বার্সেলোনা ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রেন ট্রেশন অতিক্রম করার সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন টিভিই জানায়। টিভিই আরো জানায়, আন্ডারপাস ব্যবহার না করে রেললাইন পার হতে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
তবে ফার্নান্দো ওর্তেগা নামে এক প্রত্যক্ষদর্শী স্পেনের সংবাদমাধ্যমকে জানান, "তাদের বহন করে আনা ট্রেনটি যাত্রীতে ঠাসা ছিল। অনেক যাত্রী এ সময় স্টেশনে নামেন। ভিড় থেকে বাঁচতে অনেকে লাফ দিয়ে রেললাইনের অন্যপ্রান্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।"
ঠিক ওই সময় অকস্মাৎ নর্থবন্ড এক্সপ্রেস ট্রেনটি এসে মানুষ-জনকে চাপা দেয়।
এএফপির একজন আলোকচিত্রী জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও রেললাইনের ওপর মানুষের ছিন্ন-ভিন্ন দেহাংশ পড়েছিল। সেখানে ভিড় করে রয়েছে পুলিশ, চিকিৎসাকর্মী ও রেডক্রস কর্মীরা।
স্পেনের বেতার জানিয়েছে, ২০০৩ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চিনচিলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহতের পর এটাই দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৬ঘ.
bdnews24