২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলকূপ খননে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

গভীর সমুদ্রে তেলকূপ খননের ক্ষেত্রে মঙ্গলবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

নিউ ওরলিন্স/ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গভীর সমুদ্রে তেলকূপ খননের ক্ষেত্রে মঙ্গলবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। মেক্সিকো উপসাগরে তেলকূপে বড় ধরনের বিস্ফোরণের পরও ছয় মাসের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তাকে দুর্ঘটনার তুলনায় বেশি ও অযৌক্তিক বলে এক মার্কিন বিচারক রায় দেন। ওবামা প্রশাসন গভীর সমুদ্রে তেলকূপ খননের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করলে, ৩২টি তেল কোম্পানি আদালতের শরণাপন্ন হয়। আদালতের বিচারক মার্টিন ফেল্ডম্যান তেল কোম্পানির পক্ষে রায় দিয়ে প্রশাসনের জারি করা আদেশ অকার্যকর করে দেন। এরই পরিপ্রেক্ষিতে ওবামা প্রশাসন গভীর সমুদ্রে তেলকূপ খননের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও ঘোষণা দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কেনেথ সালাজার এক বিবৃতিতে বলেন, "এ পর্যন্ত যেসমস্ত তথ্য-প্রমাণ রয়েছে তার ওপর ভিত্তি করে একটি নিষেধাজ্ঞা আরোপ করা যে প্রয়োজন ও যথার্থ সে বিষয়ে সন্দেহ দূর করতে আমি নতুন একটি আদেশ জারি করব।" প্রশাসনিক কর্মকর্তারা জানান, তারা এমন একটি আদেশ জারির জন্য আদালতের কাছে আবেদন জানাবেন যা অন্যান্য খনন কাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত দিতে নিষেধাজ্ঞা আরোপকে সমর্থন করবে। তবে নতুন নিষেধাজ্ঞায় সমুদ্রের ৫শ' ফুট (১৫২ মিটার) এর কম গভীরে কোনো খনন কাজ করতে দেওয়া হবে না বলেও নিশ্চিত করা হতে পারে। রয়টার্সের এক জরিপে জানা যায়, সম্প্রতি মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে তেল ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও অধিকাংশ আমেরিকানই সমুদ্রের গভীরে তেলকূপ খননকে সমর্থন করে। গত ২০ এপ্রিল তেলকূপ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধে ব্রিটিশ তেল কোম্পানি বিপি ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামা গভীর সমুদ্রে তেলকূপ খনন কাজে নিষেধাজ্ঞা আরোপ করেন। তেলকূপ বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় পর্যটন, মৎস্য শিকার এবং লুইজিয়ানা থেকে ফ্লোরিডার ৪০০ মাইল এলাকাও পরিবেশ বিপর্যয়ের হুমকিতে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৫ঘ.