নিউ ইয়র্ক, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দার পরও গত বছর ধনীরা আরও ধনী হয়েছেন।
মেরিল লিঞ্চ-ক্যাপগেমিনির সম্প্রতি প্রকাশিত বিশ্ব সম্পদ প্রতিবেদনে একথা জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শেয়ার বাজার চাঙ্গা হওয়ায় ধনীদের সম্পদ ১০ মিলিয়ন ডলারে ১৭ শতাংশ এবং তাদের সমন্বিত সম্পদ ৩৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে ১৯ শতাংশ বেড়েছে।
ব্যাংক অব আমেরিকা কর্পোরেশনের সম্পদ ব্যবস্থাপনা প্রধান স্যালি ক্রয়েচেক বলেন, "বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সম্পদ ও প্রবৃদ্ধির ক্ষেত্রে তা ২০০৭ সালের সমমাত্রাতেই ফিরে আসছে।"
সম্পদের সবচেয়ে দ্রুত বৃদ্ধি হয়েছে ভারত, চীন ও ব্রাজিলে এবং ২০০৮ এর মহামন্দায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু পুঁজিবাজারে। ল্যাতিন আমেরিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও এ ধারা রেকর্ড পরিমাণে উন্নীত হয়েছে।
এশিয়ায় মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে ৩০ লাখে উন্নীত হয়েছে। প্রথমবারের মতো তা ইউরোপের সম পর্যায়ে চলে এসেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ৪ দশমিক ৫ শতাংশ বাড়ার ফলেই এ পরিসংখ্যান সম্ভব হয়েছে।
উত্তর আমেরিকায় ধনীর সংখ্যা ১৭ শতাংশ বেড়েছে। তাদের সম্পদের পরিমাণ ১০ দশমিক ৭ ট্রিলিয়নে ১৮ শতাংশ বেড়েছে।
২০০৯ সালে সবচেয়ে বেশি ২৮ লাখ ৭ হাজার মিলিয়নিয়ারের বসবাস ছিল যুক্তরাষ্ট্রে। জাপানে ছিল ১৬ লাখ ৫ হাজার, জার্মানিতে ৮ লাখ ৬১ হাজার ও চীনে ৪ লাখ ৭৭ হাজার মিলিয়নিয়ার।
তবে জনসংখ্যা হিসাবে এ হার সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি। দেশটির প্রতি হাজার প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ৩৫ জনই মিলিয়নিয়ার।
নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও রিয়েল এস্টেটসহ ২৩টি কোম্পানির ১১ শ'র বেশি সম্পদশালী বিনিয়োগকারীর মধ্যে জরিপ চালিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫১ঘ.
bdnews24