ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগ করতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের খসড়া বিল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার এ বিলে একমত হওয়ার কথা জানিয়েছেন শীর্ষ মার্কিন আইনপ্রণেতারা।
সিনেট 'ব্যাংকিং কমিটি চেয়ারম্যান' ক্রিস ডড এবং 'হাউস ফরেইন অ্যাফেয়ার্স কমিটি' চেয়ারম্যান হাওয়ার্ড বারম্যান জানান, তারা খসড়া বিলটি সহকর্মীদের মধ্যে বিতরণ করছেন।
সূত্রগুলো জানিয়েছে, এ সপ্তাহের শুরুতেই মার্কিন কংগ্রেস বিলটি অনুমোদন করতে পারে।
বারম্যান ও ডড জানান, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর তাদের এ পরিকল্পনা সব ধরনের হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য সহায়ক হবে।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, "প্রেসিডেন্ট এ নিষেধাজ্ঞাগুলো কার্যকর করলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে ইরানের মদদ ও মানবাধিকার লঙ্ঘনসহ গণবিধ্বংসী অস্ত্র বিস্তার বন্ধের পদক্ষেপ নিতে দেশটির ওপর নতুন করে চাপ সৃষ্টি হবে।"
নতুন এ নিষেধাজ্ঞায় ইরানে জ্বালানি ও জেট ফুয়েলের মতো শোধিত তেল রপ্তানিকারক কোম্পানিগুলোকেও অন্তর্ভূক্ত করা হবে।
তেল সমৃদ্ধ দেশ হওয়ার পরও অভ্যন্তরীণ শোধন ক্ষমতা না থাকায় ইরানকে শোধিত তেলের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়।
এ বিলকে স্বাগত জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গিবস বলেন, হাউস ও সিনেট নেতারা এক হয়ে জাতিসংঘে সম্প্রতি পাস হওয়া প্রস্তাবনার ওপর ভিত্তি করে ইরানের ওপর চাপ সৃষ্টি করা এবং প্রেসিডেন্টকে নতুন ক্ষমতা দেওয়ার জন্য যে শক্তিশালী বিল আনছেন আমি তাকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, "ইরানকে জবাবদিহিতার মুখে দাঁড় করাতে এবং এ বিলটিকে চূড়ান্ত রূপ দিতে কংগ্রেসের সঙ্গে আমরা কাজ করে যাবো।"
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগের উদ্দেশ্যে ৯ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৬ ঘ.
bdnews24