২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমস স্কয়ারের ঘটনায় ফয়সালের দোষ স্বীকার

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলা প্রচেষ্টায় সোমবার দোষ স্বীকার করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ। তবে যুক্তরাষ্ট্রে মুসলিম জঙ্গি হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 05:43 AM

Updated : 25 Aug 2022, 12:39 PM

নিউ ইয়র্ক, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলা প্রচেষ্টায় সোমবার দোষ স্বীকার করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ। তবে যুক্তরাষ্ট্রে মুসলিম জঙ্গি হামলা চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ১০ টি অভিযোগে শতবার দোষ স্বীকার করেছেন ফয়সাল। এসব অভিযোগের মধ্যে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা এবং সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করা। ফয়সাল পাকিস্তানি তালেবান দল 'তেহরিক ই তালেবান' এর কাছ থেকে বোমা তৈরির প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যাওয়া এবং দলটির কাছ থেকে ১২ হাজার ডলার নেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার আদালতে ফয়সাল বলেন, আমি শতবার দোষ স্বীকার করছি। কিন্তু তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানে ড্রোন হামলা না থামানো এবং মুসলমানদের ভূমি দখল বন্ধ না করা পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে যাব। আর এ জন্য আমি দোষ স্বীকার করি। মুসলিম দেশগুলো থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আরো বেশি হামলা করা হবে বলেও ফয়সাল সতর্ক করেন। আদালতে দেওয়া বিবৃতিতে ফয়সাল নিজেকে 'মুসলিম যোদ্ধা' হিসেবে উল্লেখ করেন। সেইসঙ্গে তার বিরুদ্ধে আনা ১০টি অভিযোগ স্বীকার করে নিলেও এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেননি। এমনকী এই হামলা প্রচেষ্টায় তার সঙ্গে আর কেউ জড়িত নয় বলেও তিনি উল্লেখ করেন। পরিস্কার ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "আমি ১শ' বার দোষ স্বীকার করতে চাই। কারণ আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্র যদি সেনা প্রত্যাহার না করে, সোমালিয়া, পাকিস্তান ও ইয়েমেনে বিমান হামলা এবং মুসলমান দেশগুলোতে সামরিক অভিযান বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্রের ওপর আমরা হামলা চালাতেই থাকবো।" কেন তিনি নিরীহ আমেরিকানদের হত্যার চেষ্টা করেছেন- বিচারক মিরিয়াম সেডারবায়ুমের এই প্রশ্নের জবাবে সাদা টুপি পরা শাহজাদ কোনো দুঃখ প্রকাশ না করেই বলেন, "শুনুন, আপনারা আফগানিস্তানে চালকবিহীন বিমান দিয়ে শিশুদের ওপর হামলা চালাচ্ছেন। আমি মনে করি না যা করেছি তা কোনো অপরাধ। আমি জানি এটি মার্কিন আইনের লঙ্ঘন কিন্তু যুক্তরাষ্ট্রের আইনকে আমি পরোয়া করিনা।" গত ১ মে টাইমস স্কয়ারে বিস্ফোরকসহ একটি গাড়ি রেখে চলে আসেন ফয়সাল। কিন্তু গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই নিরাপত্তা বাহিনী তা নিস্ক্রিয় করতে সক্ষম হয়। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। আদালতে ফয়সাল জানান, পাকিস্তানে তালেবানদের সঙ্গে ৪০ দিন অবস্থানের সময় তিনি (০৯ ডিসেম্বর-২৫ জানুয়ারি পর্যন্ত) বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। ফয়সাল অপরাধ স্বীকার করার পর অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, "ফয়সাল শাহজাদ এমন একটি হামলার পরিকল্পনা করেছিলেন যাতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত এবং আজ আমেরিকান ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটি নিশ্চিত করছে যে, এ কাজের জন্য তাকে শাস্তি পেতে হবে।" এ অপরাধে ফয়সালের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩১ঘ.