সান সালভাদর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- এল সালভাদরে রোববার দুটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসীচক্র 'মারা ১৮'র হামলায় ১৪ জন নিহত হয়েছেন।
দেশটির রাজধানী সান সালভাদরের অদূরে এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
প্রথম হামলাটি চালানো হয় রাজধানী সান সালভাদরের অদূরে যাত্রীবাহী একটি মিনিবাসে। এতে ১১ জন আরোহী মারা যান বলে জানান পুলিশের এক শীর্ষ কমিশনার রবার্তো ভিল্লালোবস।
দ্বিতীয় হামলাটি চালানো হয় একই স্থানের অন্য একটি বাসে। সন্ত্রাসী চক্রের সশস্ত্র সদস্যরা বাসে উঠে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে। নিহতদের মধ্যে ৭ ও ৯ বছর বয়সী দুটি মেয়েশিশুও রয়েছে।
কী কারণে তারা এ হামলা চালিয়েছে সে বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছেন রবার্তো ভিল্লালোবস।
ভিল্লালোবস বলেন, "দেখে মনে হচ্ছে, চক্রটির অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে তারা কর্তৃপক্ষের কাছে কোনোকিছুর প্রমাণ দিতে চেয়েছে।"
গত বছর থেকে প্রেসিডেন্ট মাওরিসিও ফানেসের সরকার দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বেশকিছু কঠোর পদক্ষেপও গ্রহণ করেছে।
এল সালভাদরে বর্তমানে নৃশংস সন্ত্রাসীচক্রের এক সংস্কৃতি গড়ে উঠেছে। এ নিয়ে দেশটি বেশ দুর্ভোগ পোহাচ্ছে। প্রায় প্রতিদিনই এসব চক্রের হাতে গড়ে ১৩ জন মানুষ প্রাণ হারাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৯ঘ.
bdnews24