লিসবন/মাদ্রিদ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- নোবেলজয়ী পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো আর নেই। শুক্রবার স্পেনের দ্বীপ লাঞ্জারোতে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পর্তুগাল কমিউনিস্ট পার্টির কার্ডধারী সদস্য সারামাগোর মারা যাওয়ার কারণ হিসাবে তার ফাউন্ডেশন জানিয়েছে, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সরামাগোর মৃত্যুতে শোক প্রকাশ করে পর্তুগালের প্রধানমন্ত্রী হোসে সক্রেতিস সাংবাদিকদের বলেন, "আমি মনে করি, পর্তুগিজ সংস্কৃতির জন্য এ এক বিশাল ক্ষতি। তার কীর্তি পর্তুগালকে গর্বিত করেছে, তার মৃত্যুতে আমাদের সংস্কৃতি দ্ররিদ্র হয়ে যাবে।
পর্তুগালের প্রেসিডেন্ট অ্যানিবাল কাভাকো সিলভা জানিয়েছেন, "সারামাগো সর্বকালেই আমাদের সংস্কৃতির একটি উদাহরণ হয়ে থাকবেন।"
তবে পর্তুগিজ কর্তৃপক্ষের সঙ্গে সারামাগোর সম্পর্ক ভালো ছিল না। সম্মানিত লেখক বাতিস্তা বাসতোসের বিবেচনায়, "পর্তুগালের চেয়ে বহির্বিশ্বেই তিনি বেশি খ্যাতিমান ছিলেন।"
সারামাগোর বিখ্যাত উপন্যাস 'দ্য গসপেল অ্যাকর্ডিং টু জেসাস ক্রাইস্ট' কে ১৯৯২ সালে একটি সাহিত্য পুরস্কারের জন্য পাঠানোর ব্যাপারে সরকারিভাবে বাধা দেওয়া হলে তিনি স্বেচ্ছা নির্বাসনে যান। তখন থেকেই সারামাগো স্বায়ত্বশাসিত দ্বীপ লাঞ্জারোতে বসবাস শুরু করেন।
উপন্যাসটিতে বলা হয়েছে, যিশু ঈশ্বরের সন্তান নন, তিনি যোশেফ নামীয় একজনের ছেলে। এতে ভ্যাটিকান ক্ষিপ্ত হয়ে যায় এবং সারামাগো পর্তুগিজ সরকারের সেন্সরশিপের খড়গে পড়েন।
সারামাগো তার দীর্ঘ কর্মজীবনে বেশ দেরিতেই পরিচিত পান। কিন্তু আধুনিক পর্তুগিজ সাহিত্যে তিনিই সবচেয়ে আলোচিত ও খ্যাতিমান ব্যক্তিত্ব।
১৯২২ সালের ১৬ নভেম্বর পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় অ্যালেনতেজো অঞ্চলের এক দরিদ্র পরিবারে জন্ম নেন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে পর্তুগালের সবচেয়ে খ্যাতিমান জীবন্ত লেখক আখ্যা দেওয়া হলে তিনি তা প্রত্যাখান করে বলেন, "আমি জিনিয়াস নই। আমি শুধুমাত্র আমার কাজটুকুই করি।"
সারামাগোর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে, দ্য স্টোন রাফট (১৯৮৬), দ্য হিস্টরি অব দ্য সিজ অব লিসবন (১৯৮৯), দ্য কেভ (২০০০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৪ঘ.
bdnews24