বেইজিং, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-চীনের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম নদী পেরাল-এর পানি বেড়ে যাওয়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে নদীতীরবর্তী প্রায় ১৪ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রবল ঝড়সহ বৃষ্টি অব্যাহত থাকায় দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলি শনিবার এ কথা জানায়।
আরো তিনদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।
রোববার থেকে চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে অব্যাহত রয়েছে। এরফলে সৃষ্ট বিধ্বংসী বন্যা ও ভূমিধসে প্রায় ৬৯ জন নিহত হয়েছে। তবে ইতোপূর্বে নিহতের সংখ্যা জানানো হয় ৫৩ জন, যা পরবর্তী হিসাবে বেড়ে যায়।
বন্যায় এখনো পর্যন্ত ৪৪ জন নিখোঁজ হয়েছেন। পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগে ৯৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়সূত্রে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৪ঘ.
bdnews24