হেলসিঙ্কি, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাত্তি ভানহানেন পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি প্রেসিডেন্ট তারজা হালোনেনের কাছে পদত্যাগপত্র জমা দেন।
একটি বিবৃতি দিয়ে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ভানহানেন এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একইসঙ্গে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া ভানহানেনকে সরকারের কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন তিনি।
পদত্যাগের মধ্য দিয়ে ভানহানেন এর সাত বছরের শাসনামলের অবসান ঘটছে।
এরপর দেশটির দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মারি কিভিনেমি। তিনি সম্ভবত আগামী সপ্তাহে শপথ নেবেন।
কিভিনেমি (৪১) বর্তমানে ফিনল্যান্ডের লোক প্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রী এবং গত সপ্তাহান্তে তিনি ভানহানেনের সেন্টার পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন।
২০০৩ সাল থেকে ভানহানেন প্রধানমন্ত্রী ছিলেন। ২০১১ সালের এপ্রিলে ফিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৬ ঘ.
bdnews24