২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত বন্ধ করে দিয়েছে উজবেকিস্তান

কিরগিজস্তানের রক্তাক্ত সহিংসতা থেকে পালিয়ে আসাদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে উজবেকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

ওশ, কিরগিজস্তান, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কিরগিজস্তানের রক্তাক্ত সহিংসতা থেকে পালিয়ে আসাদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে উজবেকিস্তান। অন্যদিকে আদিবাসী উজবেকদের হত্যায় সশস্ত্র চক্রকে কিরগিজ সরকারি বাহিনীও সহায়তা করছে বলে অনেকের অভিযোগ । ত্রাণ সংস্থাগুলো জরুরি বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি আরও মানুষ হত্যা করা হচ্ছে বলে নতুন করে অভিযোগ করেছে বেঁচে গেছেন যারা। দক্ষিণাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম শহর ওশের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে লাশ। এছাড়া সেখানে নতুন করে গোলাগুলির শব্দও শোনা গেছে। ওশের পার্শ্ববর্তী শহর জালালাবাদেও আরও সংঘর্ষের খবর পাওয়া গেছে। চার দিনব্যাপী এ সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে অনেক মানুষ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, চারদিনের এ সহিংসতায় অন্ততপক্ষে ১৭০ জন নিহত ও ১৮০০ জন আহত হয়েছে। প্রাণ বাঁচাতে আদিবাসী উজবেক এবং তাজিকরা স্রোতের মতো ওশ ও জালালাবাদ থেকে উজবেকিস্তানে পালিয়ে গেছে। উজবেকিস্তানের উপ প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপোভ জানান, এখনও পর্যন্ত প্রায় এক লাখ লোক সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানে প্রবেশ করেছে। জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা থেকে সীমান্ত খুলে রাখার আবেদন জানানোর পরও সীমান্ত বন্ধ রাখা হবে। তিনি বলেন, "আবাসন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় আজ আমরা কোনো কিরগিজ শরণার্থীকে প্রবেশ করতে দেবো না।" তিনি আরও জানান, কিরগিজ এসব শরণার্থীদের ব্যবস্থাপনার জন্য উজবেকিস্তানে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। উজবেক উপ প্রধানমন্ত্রী বলেন, "আমাদের যদি ব্যবস্থাপনা ও খাওয়ানোর সামর্থ্য থাকতো তবে অবশ্যই আমরা তাদের জন্য সীমান্ত খুলে দিতাম।" আরিপোভ জানান, উজবেকিস্তানে নিবন্ধিত প্রায় ৪৫ হাজার প্রাপ্তবয়স্ক কিরগিজ শরণার্থী রয়েছে। তবে আরেক কর্মকর্তা জানান, শুধু আন্দিজান অঞ্চলেই ৬৫ হাজার প্রাপ্তবয়স্ক শরণার্থী রয়েছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা ৭৫ হাজার শরণার্থীর জন্য ত্রাণ পাঠাচ্ছে। গত শুক্রবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। জাতিগত কিরগিজরা ওশ ও জালালাবাদে উজবেকদের ওপর সহিংস হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১২ঘ.