বাগদাদ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- ইরাকে কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে অন্ততপক্ষে ১৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
হামলাকারীরা সম্ভবত ব্যাংক ডাকাতি করতে এসেছিল। তারা ব্যাংকের কয়েকটি ভবনের ছাদের ওপর থেকে হামলা চালায়। ব্যাংকের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, স্থানীয় সময় দুপুর ২ টা ৫০ মিনিটে সেনাবাহিনীর ক্যাপ্টেনের পোশাক পরিহিত একজন আত্মঘাতী হামলাকারী কেন্দ্রীয় ব্যাংক ভবনের কাছে এসে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে।
এক ঘন্টার মধ্যে ৮ টি বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা ভবনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থলের চারদিকে সেনাবাহিনীর হেলিকপ্টার চক্কর দেয় এবং দুপক্ষে গুলি বিনিময় চলে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিহতের বেশিরভাগই ব্যাংকের কর্মী। আহত হয়েছে ৪৩ জন। ভেতরে আরো অনেক কর্মী জিম্মি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/বিসিএস/২১০৬ ঘ.
bdnews24