নয়াদিল্লী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারত মহাসাগরের তলদেশে রোববার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
স্থানীয় সময় রাত ১ টা ২৬ মিনিটে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পনটি শুরু হয়। এর কেন্দ্র ছিল ৩৫ কিলোমিটার গভীরে।
নিকোবর দ্বীপপুজ্ঞ ও ভারতের পূর্বাঞ্চলের উপকূলে এ কম্পন অনুভূত হয়েছে। কম্পনের ফলে পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়।
প্রাথমিকভাবে 'প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র' পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে। তবে ভূমিকম্পনের মাত্রা ৭.৭ থেকে ৭.৫ এ নেমে আসলে তা প্রত্যাহার করে নেয়।
এক বুলেটিনে সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, "সমুদ্র পৃষ্ঠ পর্যক্ষেণ থেকে দেখা গেছে ভূমিকম্পের ফলে কোনো সুনামির সৃষ্টি হচ্ছে না।"
ভারত মহাসাগরীয় তথ্য কেন্দ্র, ১০ থেকে ১৫টি দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। তবে তারা জানায়, এ ভূমিকম্পের ফলে ৫০ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত 'ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসান ইনফরমেশন সার্ভিসেস' এর মুখপাত্র শ্রী নিবাস কুমার টেলিফোনে এএফপিকে বলেন, "ভয়ের কিছু নেই। তবে বিষয়টি পর্যবেক্ষণে করতে হবে।"
ভূমিকম্পের ফলে কেন্দ্র থেকে প্রায় ১ হাজার কিলোমিটার পর্যন্ত ভারতের প্রধান অংশেও কম্পণ অনুভূত হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর চেন্নাইয়ে মাঝারি মাত্রার কম্পণ হয়েছে। তবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ জানালেও পরে তা কমিয়ে ৭ দশমিক ৫ মাত্রার বলে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৫১৯ ঘ.
bdnews24