২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু চুক্তির খসড়া নিয়ে বিতর্ক

ধনী-দরিদ্র সব দেশই জলবায়ু চুক্তির জন্য জাতিসংঘের গৃহীত নতুন খসড়াটির সমালোচনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

বন, জার্মানি, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ধনী-দরিদ্র সব দেশই জলবায়ু চুক্তির জন্য জাতিসংঘের গৃহীত নতুন খসড়াটির সমালোচনা করেছে। দুই সপ্তাহব্যাপী ১৮৫ টি দেশের আলোচনা শেষে শুক্রবার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই এ সম্মেলন শেষ হয়। নতুন চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে একটি পরিমার্জিত খসড়া উপস্থাপন করা হয়। এ খসড়ায় গত ডিসেম্বরে জাতিসংঘের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য উত্থাপিত বেশিরভাগ পদক্ষেপ এবং নির্দেশনাসমূহ বাতিল করা হয়েছে। সে সম্মেলনে বিশ্ব কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি ৭৭ এবং চীন একটি বিবৃতিতে জানায়, খসড়াটি ভারসাম্যপূর্ণ হয়নি। তাদের মধ্যে কয়েকজন বলেছেন, "২২ পৃষ্ঠার এ খসড়াতে অযৌক্তিকভাবে ধনী দেশগুলোকে বাদ দিয়ে দরিদ্র দেশগুলোর গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানোর উপর জোর দেওয়া হয়েছে।" ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, তারা খসড়াটি পর্যালোচনা করে দেখবে। কিন্তু এখানে এমন কিছু বিষয় আছে যা গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় ইউনিয়নও এ খসড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। নতুন খসড়ায় ২০৫০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে ১৯৯০ সালের তুলনায় ৫০ থেকে ৮৫ ভাগ এবং উন্নত দেশগুলোকে ৮০ থেকে ৯৫ ভাগ কার্বন নির্গমন কমানোর সুপারিশ করা হয়েছে। ৩১ মে থেকে ১১ জুন পর্যন্ত জার্মানির বনে জাতিসংঘের এ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ১২০ টির বেশি দেশ বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখার পক্ষে মত দিয়েছে। কিন্তু কিভাবে এ লক্ষ্য অর্জিত হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/১৯৩৫ ঘ.