জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/এপি)- জোহানেসবার্গের টাউনশিপ থেকে শুরু করে ঘানার বস্তি পর্যন্ত লাখ লাখ আফ্রিকাবাসী মহাদেশের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠানের উন্মাদনায় রাস্তায় রাস্তায় নেচে তাদের উল্লাস প্রকাশ করেছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা টুর্নামেন্টের উদ্বোধনকালে ৮৫ হাজার সমর্থক পরিপূর্ণ স্টেডিয়ামে বলেন, "আজ সময় এসেছে আফ্রিকার।"
উগান্ডার জনগণ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এ খেলার আসর বড় পর্দায় উপভোগ করেছে। ট্যাক্সি এবং বিভিন্ন ভবনে ওয়ার্ল্ড কাপের লোগো আঁকানো রয়েছে।
মোজাম্বিকের জনগণ দক্ষিণ আফ্রিকার পতাকা উড়িয়ে ডিস্কি নাচ নেচেছে।
ঘানার তথ্যমন্ত্রী জন টিয়া বলেছেন, "দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ হতে পারায় আফ্রিকাবাসী গর্বিত। এটি এমন এক সময় যখন সারা আফ্রিকাবাসী একসঙ্গে আনন্দিত।"
ঘানার রাজধানী আক্রার একটি বস্তি থেকে ইনুসাহ ওয়াহাব (১৫) বলেছেন, আমি হয়তো সেখানে যেতে পারবোনা। কিন্তু সারা বিশ্বের মানুষের মত আমিও আমার প্রিয় তারকাদের খেলা দেখবো।"
ভাল লাগার এ অনুভূতিটুকু সারা আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। এমনকি দারিদ্র-পিড়ীত ও যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলেও এর ছোঁয়া লেগেছে।
শুধু সোমারিয়ার ইসলামী জঙ্গিরা শুক্রবারের এ আয়োজনকে নষ্ট করতে চেয়েছিল। তারা জনগণকে খাটো পোশাক পরিহিত পাগল ব্যক্তিদের না দেখার আহ্বান জানান। এপি এ তথ্য জানায়।
তারা এ টুর্নামেন্টকে ইসলাম-বিরোধী বলে ঘোষণা দেয়।
হিজবুল ইসলামী জঙ্গি গোষ্ঠীর একজন মুখপাত্র শেখ মোহামেদ আবদি আরোস এপিকে বলেন, "আমরা তাদের বিশ্বকাপ ম্যাচ না দেখার জন্য হুমকি দিয়েছি। এটি শুধু সময় ও অর্থের অপচয়।"
"পাগল কিছু লোকের লাফ-ঝাপ দেখার মধ্যে কোন লাভ নেই।"
তবে জঙ্গিদের এলাকা এখন সরকার নিয়ন্ত্রিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/টিআর/০০২০ ঘ.
bdnews24