কলম্বো , জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-- শ্রীলংকায় প্রেসিডেন্সির দুই মেয়াদী সময়সীমা তুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এতে করে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন। শুক্রবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাজাপাকসের দ্বিতীয় মেয়াদ ২০১৬ সালের নভেম্বরে শেষ হবে। বিদ্যমান আইনে তার তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ ছিল না।
মন্ত্রিসভা বুধবার এ আইনের পরিবর্তন অনুমোদন করেছে। সরকারের তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব জরুরি বিল হিসাবে উত্থাপন করা হবে। আইনটি সংশোধনীর জন্য সুপ্রিম কোর্টের সহযোগিতা চাওয়া হতে পারে বলেও জনান তিনি।
৬৫ বছর বয়সী রাজাপাকসে ২০০৫ সালে ক্ষমতায় আসেন। এরপর গত বছর মে মাসে শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বিদ্রোহীদের দমনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট রাজাপাকসে প্রায় চারদশক ধরে চলা রক্তক্ষয়ী জাতিগত সহিংসতার অবসান ঘটান।
এরপর তিনি তার ক্ষমতার ক্ষেত্র আরও প্রসারিত করেন।
রাজাপাকসের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তার তিন ভাই প্রতিরক্ষা মন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রীর মতো পদগুলোতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/এলকিউ/১৪২৩ঘ.
bdnews24