কাবুল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- আফগানিস্তানে অতিরিক্ত আর কোনো সেনা পাঠাবে না ব্রিটেন। বৃহস্পতিবার কাবুলে এক অঘোষিত সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একথা বলেছেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকের পর ক্যামেরন বলেন, "ব্রিটিশ সরকারের পররাষ্ট্রনীতিতে আফগানিস্তান গুরুত্বপূর্ণ"
কিন্তু তিনি এও বলেন যে, "আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয়টি ব্রিটিশদের কর্মসূচিতে আর বেশিদিন নেই।"
আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা অপ্রতুল হওয়ায় কান্দাহারে তালেবানদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে অপ্রত্যাশিতরকম বেশি সময় লাগবে--- ন্যাটোর শীর্ষ আফগান কমান্ডার একথা বলার পর ক্যামেরন সেখানে আর কোনো সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করলেন।
আফগানিস্তানে ব্রিটেনের ৯ হাজার ৫০০ সেনা আছে। এদের বেশির ভাগই মোতায়েন রয়েছে দক্ষিণাঞ্চলে। যুক্তরাষ্ট্রের পর ন্যাটো বাহিনীতে সেনা সংখ্যার দিক দিয়ে ২য় অবস্থানে আছে ব্রিটেন।
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় ৪০ জন নিহত এবং এক সপ্তাহে কয়েক দফা হামলায় ২৩ ন্যাটো সেনা নিহত হওয়ার পর ক্যামেরন প্রথম আফগানিস্তান সফরে গেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫৭ ঘ.
bdnews24