২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা প্রস্তাবে ভোটাভুটি হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

জাতিসংঘ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা প্রস্তাবে ভোটাভুটি হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ মঙ্গলবার একথা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট জাতিসংঘে নিয়োজিত মেক্সিকোর রাষ্ট্রদূত ক্ল্যদ হেলার বলেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে বুধবার গ্রিনিচ মান সময় দুপুর ২টায় পরিষদের সদস্যরা ভোট প্রদান করতে পারেন। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, বিট্রেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া দীর্ঘ ৫ মাস ধরে আলোচনার মাধ্যমে এ নিষেধাজ্ঞা প্রস্তাব তৈরি করেছে। ওদিকে, ইকুয়েডরের রাজধানী কুইটোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব অনুমোদিত হলে তা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হবে।" ওদিকে, পশ্চিমা শক্তির সঙ্গে একত্রিত হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে সমর্থন জানালে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতা সম্পন্ন পাঁচ স্থায়ী সদস্যসহ পরিষদের ১৫ সদস্য নতুন এ প্রস্তাবে ভোট দেবে। রয়টার্সের হাতে পৌঁছানো একটি খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নতুন এ নিষেধাজ্ঞা প্রস্তাবে ইরানের একটি ব্যাংক ও ইসফাহানের পরমাণু কেন্দ্রের প্রধান জাভাদ রাহিকিসহ ৪০টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে । মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষ মুহূর্তে নতুন এ নিষেধাজ্ঞা প্রস্তাবে ইরানের দুটি ব্যাংকসহ ৪১ টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়। তবে চীনের এক কূটনীতিক বলেন, ইরানের 'রপ্তানি উন্নয়ন ব্যাংক' কে এ তালিকার বাইরে রাখার দাবি জানিয়েছে বেইজিং। পশ্চিমা রাষ্ট্রগুলো ইরানের জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞার কথা বললেও চীন ও রাশিয়া এতে সম্মত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১২৫৮ ঘ.