২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সবাই একমত: রাশিয়া

পরমাণু কর্মসূচির জন্য ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সবাই পূর্ণ সমর্থন জানিয়েছে। এক রাশিয়ান কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 06:03 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

মস্কো, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচির জন্য ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সবাই পূর্ণ সমর্থন জানিয়েছে। এক রাশিয়ান কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। ওয়াশিংটন বলেছে, বুধবারই ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হতে পারে। এর আগে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবে সমর্থন দিয়ে তেহরানের শত্র" পক্ষে না যাওয়ার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে ইরান। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে মস্কোয় রাশিয়ার এক কর্মকর্তা বলেন, "ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সবাই পূর্ণ সমর্থন জানিয়েছে।" রাশিয়ার ঐ কর্মকর্তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের খুব ঘনিষ্ঠ সূত্র বলে রয়টার্স জানিয়েছে। ওদিকে, ইরান সুইস রাষ্ট্রদূতকে তেহরানে ডেকে নিয়ে তার কাছে ইরানের এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ হওয়ার তথ্য হস্তান্তর করেছে। ইরান দাবি করছে যে, তাদের এক পরমাণু বিজ্ঞানীকে যুক্তরাষ্ট্র অপহরণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার লন্ডনে বলেন, ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাব বুধবার নিরাপত্তা পরিষদে পাস হওয়ার বিষয়ে তিনি যথেষ্ট আস্থাশীল। গেটস বলেন, "আমি মনে করি না যে ইরানিদের পরমাণু অস্ত্র পাওয়ার পথ বন্ধ করার সুযোগ আমরা এরমধ্যেই হাতছাড়া করেছি।" এর আগে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইস্তান্বুলে এক সংবাদ সম্মেলনে রাশিয়াকে ইঙ্গিত করে বলেন, "আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা নেই। তবে ইরানের জনগণের শত্র" পক্ষে না যাওয়ার বিষয়ে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে।" বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নতুন করে চতুর্থ দফা নিষেধাজ্ঞা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা। নতুন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ব্যাংক একাউন্টগুলোর ওপর পুঙ্খানুপুঙ্খ নজরদারি এবং ইরানমুখী প্রতিটি পণ্যবাহী জাহাজে কড়া তল্লাশি চালানোর ব্যবস্থা থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৫৪ ঘ.