২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চাইলে যান নিউজিল্যান্ড

শান্তিতে যদি থাকতে চান তবে যান নিউজিল্যান্ড৷ আর তা যদি পছন্দ না হয়, তবে বেছে নিতে পারেন আইসল্যান্ড বা জাপান৷ অন্তত পরিসংখ্যান তাই বলে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 11:51 AM

লন্ডন, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তিতে যদি থাকতে চান তবে যান নিউজিল্যান্ড৷ আর তা যদি পছন্দ না হয়, তবে বেছে নিতে পারেন আইসল্যান্ড বা জাপান৷ অন্তত পরিসংখ্যান তাই বলে৷ অর্থনৈতিক মন্দা বিশ্বজুড়ে বাড়িয়ে দিয়েছে সংঘাত-সহিংসতা আর অপরাধ৷ যা পুরো বিশ্বকেই করে তুলছে অনিরাপদ৷ হিসাব কষতে গিয়ে তা দেখতে পেয়েছে লন্ডনের 'ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস'৷ মঙ্গলবার ২০১০ সালের গ্লোবাল পিস ইনডেক্স প্রকাশ করেছে তারা৷ আর এতে দেখা গেছে, সহিংসতার কারণে গড়ে প্রতি বছর বিশ্বের আর্থিক ক্ষতির পরিমাণ ৭ ট্রিলিয়ন ডলার৷ আত্মহত্যা, সহিংস বিক্ষোভ আর ভীতি বেড়েছে পাঁচ শতাংশ৷ তবে আশার কথা হলো, যুদ্ধের ঝুঁকি ধীরে ধীরে হলেও কমে আসছে৷ যেমনটা বলছিলেন স্টিভ কিলেলা৷ পিস ইনডেক্স তৈরিতে কাজ করেছেন এ অস্ট্রেলিয়ান৷ সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, 'বিশ্বের অধিকাংশ স্থানেই যুদ্ধের ঝুঁকি কমছে বলে মনে হচ্ছে৷ এটা বেশ গুরুত্বপূর্ণ৷' স্টিভরা বলেছেন, বিশ্বে সহিংসতার মাত্রা ২৫ শতাংশ কমানো গেলে প্রতি বছর বাঁচবে প্রায় পৌনে ২ ট্রিলিয়ন ডলার৷ এটা দুর্দশাগ্রস্ত গ্রিসের ঋণের সমান৷ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার তহবিলও একই পরিমাণ৷ ইউরোপীয় ইউনিয়ন তাদের ২০২০ সালের মধ্যে কার্বন হ্রাসের যে পরিকল্পনা হাতে নিয়েছে, এ অর্থ দিয়ে তার ব্যয়ও মেটানো সম্ভব৷ ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস তাদের এই ইনডেক্স তৈরিতে যে সবকে ভিত্তি ধরেছে, তার মধ্যে রয়েছে- অপরাধের হার, সামরিক ব্যয়, মানবাধিকার পরিস্থিতি, প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ইত্যাদি৷ সংঘাত-সহিংসতার ঝুঁকি ইউরোপে এতদিন কম থাকলেও অর্থনৈতিক অস্থিতিশীলতা তা বাড়িয়ে তুলেছে৷ বিশেষ করে পর্তুগাল, আয়ারল্যান্ড, ইতালি ও গ্রিসে৷ অন্যদিকে লক্ষ্যযোগ্য উন্নতি দেখা যাচ্ছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে৷ আফ্রিকায় প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের উন্নতি কমিয়েছে সংঘাত৷ একই কথা খাটে মধ্যপ্রাচ্যের বেলায়ও৷ সামগ্রিক পরিস্থিতির উন্নতি হলেও দুই অঞ্চলেই কলঙ্ক হয়ে আছে সুদান, সোমালিয়া, ইরাক, আফগানিস্তান৷ সূচকে সবার নিচে এ দেশগুলোর স্থান৷ সবচেয়ে বেশি উন্নতি দেখিয়েছে আফ্রিকার দেশ ইথিওপিয়া৷ ২০০৭ সাল থেকে এ জরিপ শুরুর পর থেকে এবারই অঞ্চল হিসেবে সবচেয়ে খারাপ অবস্থায় আছে দক্ষিণ এশিয়া৷ শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতে সংঘাতই তার কারণ৷ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। তালিকায় আফগানিস্তান আছে ১৪৭ নম্বরে। এরপর যথাক্রমে আছে পাকিস্তান (১৪৫) শ্রীলংকা (১৩৩), ভারত (১২৮), নেপাল (৮২), বাংলাদেশ (৮৭), ভূটান (৩৬)। তালিকার সর্বনিম্নে স্থান পেয়েছে ইরাক (১৪৯)। অন্যদিকে , জর্জিয়ায় সংঘাত সূচক রাশিয়াকে নিচে নামিয়ে দিয়েছে৷ আর সামাজিক অস্থিরতায় চীন ঝুঁকিতে পড়তে পারে এমন আভাসও মিলেছে জরিপে৷ চীন তার সামরিক ব্যয় আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বাড়ালেও এ ক্ষেত্রে এখনও সবাইকে ছাপিয়ে আছে যুক্তরাষ্ট্র৷ এ খাতে বিশ্বের মোট ব্যয়ের ৫৪ শতাংশই তাদের৷ তবে তাদের যুক্তি, ইরাক, আফগানিস্তানই এর কারণ৷ এ নিয়ে স্টিভ কিলেলা বলেন, যুক্তরাষ্ট্র যদি গত কয়েক বছরে এভাবে যুদ্ধে না জড়াতো, তবে অনেক জ্বালানি বেঁচে যেত, অর্থনীতির চেহারাও হতো অন্যরকম৷ হয়তো তাহলে আমাদের বর্তমান অবস্থা দেখতে হতো না৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এলকিউ/১৭২৮ ঘ.