বেইজিং, ০৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংজি অঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৩ জন নিহত হয়েছে।
বন্যার পানিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৩ শিশু ভেসে গেছে। সোমবার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, ৩১ মে হতে ২ জুন পর্যন্ত প্রবল ভারী বর্ষণের পর উদ্ধারকর্মীরা প্রায় ২০ টি মৃতদেহ উদ্ধার করার পর মৃত্যুর সংখ্যা ঘোষণা করা হয়।
জুনের প্রথম দিন স্কুল থেকে ফেরার পথে সেই তিন শিশু নিঁখোজ হয়। তাদের বয়স আট থেকে এগারোর মধ্যে। তাদের বাবা-মা কাজের জন্য শহরে গিয়েছিল। তাই শিশুরা একা হেঁটে হেঁটে তাদের দাদা-দাদির বাসায় যাচ্ছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, তিন দিনের বিরূপ আহাওয়ায় ১১ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং ২ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে নিতে হয়েছে।
এর ফলে ১৫ টি জলাধার এবং হাজার হাজার সেচ ব্যবস্থা নষ্ট হয়েছে।
কয়েক মাস প্রচন্ড খরার পর সে এলাকায় এখন শতাব্দীর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যাতে ৫০ মিলিয়ন লোক দুর্ভোগের শিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/১৯১৫ ঘ.
bdnews24