জেরুজালেম, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব রোববার প্রত্যখান করেছে ইসরায়েল।
এ ঘটনায় নিজেদের তদন্তের অধিকার রয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল ওরেন এ তদন্ত প্রস্তাব প্রত্যাখানের কথা বলেন।
মাইকেল ওরেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান 'ফক্স নিউজ সানডে'তে যোগ দিয়ে বলেন, "আমরা আন্তর্জাতিক তদন্ত কমিশন প্রত্যখান করছি। আমাদের নিজস্ব তদন্ত অনুষ্ঠানের বিষয়ে আমরা ওবামা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।"
এর আগে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিওফ্রে পালমারের নেতৃত্বে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রতিনিধির সমন্বয়ে এ আন্তর্জাতিক তদন্ত দলের প্রস্তাব করেছেন বান কি মুন।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ঐ কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বান কি মুনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
তদন্তে ইসরায়েল অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে সিধান্ত নিতে নেতানিয়াহু রোববার জ্যৈষ্ঠ মন্ত্রীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছেন বলেও জানান তিনি।
জাতিসংঘের ওয়েবসাইটে নিরপেক্ষ তদন্তের জন্য নিরাপত্তা পরিষদের আহ্বানের বিষয়টি উল্লেখ করে বলা হয়, তদন্তের কাজকে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্ভাব্য করণীয় নিয়ে বান কি মুন তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরোদোগানের সঙ্গেও আলোচনা করেছেন।
ওদিকে, ইসরায়েলি নৌ সেনারা শনিবার গাজা অভিমুখী নতুন ত্রাণ জাহাজ র্যাচেল কোরির নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের আশোদ বন্দরে নিয়ে যায়। তবে আন্তর্জাতিক চাপের কারণে এবার কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
গত সোমবারের হতাহতের ঘটনায় ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৩২ ঘ.
bdnews24