২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বন্দীদের বিষয়ে পুনর্বিবেচনা

আফগানিস্তানের জেলে বন্দী সন্দেহভাজন জঙ্গিদের বিরূদ্ধে দায়েরকৃত সব মামলা রোববার পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

কাবুল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের জেলে বন্দী সন্দেহভাজন জঙ্গিদের বিরূদ্ধে দায়েরকৃত সব মামলা রোববার পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। যাদের বিরূদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়া যাবে তাদের মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রায় নয় বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় শান্তি সম্মেলন। সে সম্মেলনে কয়েকটি সুপারিশ গৃহীত হয়। কারাবন্দীদের নিয়ে প্রেসিডেন্টের এ সমন সে সুপারিশগুলো বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। গত সপ্তাহে তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রথাগত 'জির্গা' বা উপজাতীয় সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ এর বেশি আফগান উপজাতি এবং ধর্মীয় বয়োজ্যেষ্ঠরা সমবেত হয়। জির্গায় শান্তি প্রতিষ্ঠায় তালেবান ও অন্যান্য জঙ্গিদের সঙ্গে সমঝোতা আলোচনা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । ২০০১ সালের শেষ দিকে তালেবান নির্মূল অভিযান শুরুর পর থেকে আফগান জেলে শত শত সন্দেহভাজন জঙ্গি দীর্ঘদিন ধরে বন্দী রয়েছে। এছাড়া বাগরামে যুক্তরাষ্ট্রের প্রধান জেলসহ আফগানিস্তানের সেনা কারাগারে শত শত সন্দেহভাজন জঙ্গি আটক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২১৩৫ ঘ.