২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৫

ইরাকে বোমা হামলায় রোববার চার পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

বাগদাদ, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইরাকে বোমা হামলায় রোববার চার পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজধানী বাগদাদের দক্ষিণের আল-আমলি জেলায় একটি থানার বাইরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চার পুলিশ সদস্য নিহত ও ১২ জন আহত হয়েছে। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় সকাল ৮ টার দিকে এ আত্মঘাতী হামলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাগদাদে এক প্রকৌশলীর গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে ঐ প্রকৌশলী নিহত ও অপর দুইজন আহত হয়। ওদিকে, বাগদাদের পশ্চিম অঞ্চলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারা বোমায় দুই পথচারী আহত হয়। রাজধানীর ৩০ কিলোমিটার দক্ষিণের মাহমুদিয়ার পৌরসভা কার্যালয়ের কাছে একটি বোমা হামলায় আট ব্যক্তি আহত হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত মে মাসে ইরাকে সহিংসতায় তিনশ' ৩৭ ব্যক্তি নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১০৭ ঘ.