২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলার তদন্ত দল প্রস্তাব করলেন মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দল প্রস্তাব করেছেন। রোববার এক ইসরায়েলি কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 11:23 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

জেরুজালেম, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দল প্রস্তাব করেছেন। রোববার এক ইসরায়েলি কর্মকর্তা একথা জানিয়েছেন। কর্মকর্তা বলেন, নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিওফ্রে পালমারের নেতৃত্বে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রতিনিধির সমন্বয়ে এ আন্তর্জাতিক তদন্ত দলের প্রস্তাব করেছেন বান কি মুন। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ঐ কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বান কি মুনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তদন্তে ইসরায়েল অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে সিধান্ত নিতে নেতানিয়াহু রোববার জ্যৈষ্ঠ মন্ত্রীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছেন বলেও জানান তিনি। এর আগে ইসরায়েলি নেতারা বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে সোমবার গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে সেনাদের বাঁধা দেওয়ার ঘটনার তদন্তের ঘোষণা দেয় । জাতিসংঘের ওয়েবসাইটে নিরপেক্ষ তদন্তের জন্য নিরাপত্তা পরিষদের আহ্বানের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, তদন্তের কাজকে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্ভাব্য করণীয় নিয়ে বান কি মুন তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরোদোগানের সঙ্গেও আলোচনা করেছেন। ইসরায়েলি নৌ সেনারা শনিবার গাজা অভিমুখী নতুন ত্রাণ জাহাজ র‌্যাচেল কোরির নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের আশোদ বন্দরে নিয়ে যায়। তবে আন্তর্জাতিক চাপের কারণে এবার কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গত সোমবারের হতাহতের ঘটনায় ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। তবে তদন্তে উভয় দেশের অংশগ্রহণ এ দু' দেশের মধ্যে আবার সুসম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করবে বলে ঐ ইসরায়েলি কর্মকর্তা আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭১০ ঘ.