কাবুল, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের আদিবাসী ও ধর্মীয় শীর্ষ নেতারা প্রেসিডেন্ট হামিদ কারজাইকে তালেবানদের সাথে শান্তি স্থাপনে সমঝোতার পূর্ণ ক্ষমতা দিয়েছে।
শুক্রবার তিনদিনব্যাপী জিরগা সম্মেলন শেষে আগত শীর্ষ নেতারা এ ব্যাপারে সিদ্ধান্ত জানান।
সম্মেলনে নেতারা আফগানিস্তানে চলমান সহিংসতা বন্ধ এবং সরকার ও বিদেশি বাহিনীর সঙ্গে যুদ্ধরত তালেবানদের সাথে সমঝোতায় আসার আহ্বান জানান। এ লক্ষ্যে একটি কমিশন গঠনেরও প্রস্তাব দেয় তারা।
প্রেসিডেন্ট কারজাই 'শান্তি জিরগা' আখ্যা দিয়ে আগত নেতাদের উদ্দেশ্যে জাতীয় সমর্থন আদায়ে তালেবানদের সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি অর্থ ও কর্মসংস্থানের ঘোষণা দেওয়ার ব্যাপারে তার পরিকল্পনা ঘোষণা করেন। পাশাপাশি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কালো তালিকায় যেসব তালেবানের নাম রয়েছে সেগুলো বাদ দেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন।
তাঁবুর ভেতর কঠোর নিরাপত্তার মধ্যে কারজাই বলেন, "পথ এখন পরিস্কার, সেই পথ আপনারাই নির্বাচন করেছেন। আমরা পর্যায়ক্রমে সামনে এগিয়ে যাবো। ইনশাল্লাহ এই পথ আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে।"
কারজাই তালেবানদের প্রতি যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন তিনদিনব্যাপী জিরগা সম্মেলন শেষে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "আফগানিস্তানে সহিংসতা বন্ধে জাতীয়ভাবে নেওয়া এই সিদ্ধান্তের প্রতি জাতিসংঘের সমর্থন থাকবে। সেই সঙ্গে তারা শান্তিপূর্ণ জীবনের জন্য যে সংগ্রাম করছে তাতে সহযোগিতা করতেও জাতিসংঘ পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করছে।"
এর আগে প্রেসিডেন্ট হামিদ কারজাই কিভাবে এবং কার সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করবেন সে বিষয়টি নিয়ে গত তিনদিনের আলোচনার পর শেষ দিনটিতে কমিশন গঠনের এ আহ্বান জানায় জিরগা।
সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হয়েছে যে, তালেবানদের সঙ্গে শান্তি স্থাপন ছাড়া সাধারণ আফগান নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আর কোনো পথ নেই। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী কিংবা দুর্বল আফগান সেনারা জনগণের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না বলে আয়োজকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৪ঘ.
bdnews24