২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস রোধে মানবাধিকার গুরুত্বপূর্ণ: ইইউ-যুক্তরাষ্ট্র

মানবাধিকার, ইসলাম ও ধর্মীয় ভেদাভেদের প্রতি শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক যৌথ ঘোষণায় একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

লুক্সেমবার্গ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার, ইসলাম ও ধর্মীয় ভেদাভেদের প্রতি শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক যৌথ ঘোষণায় একথা বলেছে। লুক্সেমবার্গ বৈঠকের সন্ত্রাস-বিরোধী এ যৌথ ঘোষণায় কূটনীতি, আইন প্রয়োগ, বিচারিক সহায়তা, তথ্য বিনিময় এবং সন্দেহজনক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টায় সহযোগিতা বাড়ানোরও প্রতিশ্র"তি দিয়েছে দু'পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট বুশ আমলের একলা চলো নীতি এড়িয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত নতুন জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশের একদিন পরই এ নীতির খসড়া করা হয়েছে। এতে ইউরোপের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের তাগাদা আছে। আফগান ও ইরাকের যুদ্ধ বন্দিদের সঙ্গে পূর্বসূরী বুশ প্রশাসনের আচরণ বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য গোপনে অন্য দেশের কাছে বন্দি হস্তান্তর নীতিও ব্যাপকভাবে নিন্দিত হয়েছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের চর্চাকে অশুভ আঁতাতের অভিযোগে অভিযুক্ত করে ইউরোপের বেশ কিছু দেশ। তবে ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসা ওবামা অগ্রাধিকার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। ইইউ'র সদস্য দেশ লুক্সেমবার্গের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্পেনের স্বরাষ্ট্র্রমন্ত্রী আলফ্রেডো পেরেজ রুবালকাবা বলেন, "আমাদের অবস্থান আরও ঘনিষ্ঠ হওয়ার। এটা গুরুত্বপূর্ণ যে মুসলিম দেশগুলো জানে যে আমরা তাদের মূল্যবোধের সম্মান করি। তবে সন্ত্রাসীরা জানে যে আমরা তাদের কর্মকাণ্ডের পাল্টা জবাব দেব।" লুক্সেমবার্গ বৈঠকের সন্ত্রাসবিরোধী এ ঘোষণায় মন্ত্রীরা স্বাক্ষর করেন। ওবামা ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সন্ত্রাসবাদ বিরোধিতায় ট্রান্স আটলান্টিক সহযোগিতা বাড়ছে এবং তারা আরও সংঘবদ্ধভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সমস্যাগুলো মোকাবিলা করতে চাইছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৩০ ঘ.