২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হ্রাস করবে তুরস্ক

ত্রাণবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক হ্রাস করবে তুরস্ক। তবে দ্বিপক্ষীয় সহযোগিতা পুরোপুরি বন্ধ করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

আঙ্কারা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- ত্রাণবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক হ্রাস করবে তুরস্ক। তবে দ্বিপক্ষীয় সহযোগিতা পুরোপুরি বন্ধ করা হবে না। তুরস্কের উপ প্রধানমন্ত্রী বুলেন্ত আরিঙ্ক শুক্রবার একথা বলেছেন। গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি কমান্ডো অভিযানে ৯ তুর্কি ত্রাণকর্মী নিহত হওয়ার পর তুরস্ক একথা ঘোষণা করল। এনটিভি টেলিভিশনে বুলেন্ত বলেন, আঙ্কারা অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক নুন্যতম পর্যায়ে নামিয়ে আনবে। সেইসঙ্গে ইতোমধ্যে দু'দেশের মধ্যে যেসব ক্ষেত্রে সহযোগিতা আছে সেগুলোও নতুন করে ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন, একটি রাষ্ট্র হিসাবে আমরা ইসরায়েলকে পুরোপুরি উপেক্ষা করতে পারি না। যে দেশটির অস্তিত্ব আমরা স্বীকার করি। তুরস্ক এর আগে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং তিনটি যৌথ সামরিক মহড়া পরিকল্পনা বাতিল করেছে। বুলেন্ত বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দু'দেশের মধ্যে খুব বেশি সহযোগিতা চুক্তি নেই বলে তুর্কি কর্মকর্তারা নিশ্চিত। বর্তমানে দু'দেশের কোম্পানীগুলোর মধ্যে বেশির ভাগ সহযোগিতা রয়েছে। তুরস্ক আর ইসরায়েলের মধ্যে মিত্রতা বা বন্ধনের চালিকা শক্তি হচ্ছে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা। ১৯৯৬ সালে সামরিক সহযোগিতা চুক্তি সইয়ের মধ্য দিয়ে যার সূচনা হয়েছিল। তুরস্কের সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে ১৮৩ মিলিয়ন ডলারের একটি প্রজেক্টের কাজ চলছে। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বর্তমান সঙ্কটে এ প্রজেক্ট বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ভেসদি গনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৫ ঘ.