২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ ড্রোন হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের

সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের ওপর সিআইএ-পরিচালিত চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারী ফিলিপ অ্যালস্টন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 11:36 AM

জেনেভা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের ওপর সিআইএ-পরিচালিত চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারী ফিলিপ অ্যালস্টন। রণক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে বসে কম্পিউটারের মাধ্যমে চালানো এ হামলায় ভিডিও গেমের মতো 'হত্যার খেলায় মেতে ওঠার মানসিকতা' জেগে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালস্টন বলেন, ড্রোন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বিধিসম্মত হতে পারে কেবল তখনই যখন বিদ্রোহীদের জীবিতাবস্থায় ধরা অসম্ভব হয়ে পড়ে। আর এ হামলা যদি চালায় যুদ্ধনীতি মেনে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়মিত মার্কিন সশস্ত্র বাহিনী। ২৯ পৃষ্ঠার এক প্রতিবেদনে তিনি জানান, সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি (সিআইএ) চালক বিহীন বিমান থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সন্দেহভাজন তালেবান ও আল কায়েদা অধ্যুষিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরপরাধ বেসামরিক নাগরিকসহ শত শত মানুষকে হত্যা করেছে। অ্যালস্টন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর অন্য দেশের লোকজনকে হত্যা কর্মসূচি চালানোর কোনো স্থান নেই। তিনি জানান, বিশ্ব জানে না কখন এবং কোথায় সিআইএ হত্যাকাণ্ড চালাতে পারে, তাদের হত্যার লক্ষ্যস্থল ঠিক করার বৈশিষ্টগুলোই বা কি, তাদের এ হত্যাকাণ্ড বৈধ কি-না এবং বেসামরিক নাগরিকরা কখনো অবৈধভাবে নিহত হলে পরে তারা কি করে। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সিআইএ পাক-আফগান সীমান্তে ড্রোন হামলা বাড়িয়েছে। অ্যালস্টন বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় দূর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে হত্যা সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে বৈধ। যে সংঘাতে যোদ্ধা কিংবা বেসামরিক নাগরিকরা সরাসরি লড়াইয়ে লিপ্ত থাকে। কিন্তু ড্রোন হামলা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে বসে চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯১১ ঘ.