জেনেভা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের ন্যক্কারজনক হামলার ঘটনা তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনে রাজি হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
এ লক্ষ্যে বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশন ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়।
ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)'র পক্ষে পাকিস্তান এবং আরব গ্র"পের পক্ষে সুদান বিষয়টি প্রস্তাবনা হিসাবে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উত্থাপন করলে সেটি ভোটে দেওয়া হয়। পরিষদের ৪৭ সদস্যের মধ্যে ৩২ সদস্য প্রস্তাবনার পক্ষে ভোট দেয় এবং সেইসঙ্গে তারা ইসরায়েলি হামলাকে জঘন্য আখ্যা দিয়ে এর তীব্র নিন্দাও জানায়।
তবে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রসহ ইতালি ও নেদারল্যান্ড প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু দেশ ভোট দানে বিরত থাকে এবং আফ্রিকার আরও তিনটি দেশ ভোটই দেয়নি।
প্রস্তাবনায় ইসরায়েলি হামলার ঘটনায় পূর্ণ জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্য জিজ্ঞাসাবাদের আহ্বান জানানো হয়। ইসরায়েল বলছে, ওই অভিযানে জাহাজের ৯ জন নিহত হয়।
হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে কি-না সে বিষয়টি খতিয়ে দেখতে পরিষদ শিগগিরই একটি স্বাধীন আন্তর্জাতিক 'ফ্যাক্ট-ফাইন্ডিং' মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
তদন্ত দলের নিয়োগ দেবেন পরিষদের প্রেসিডেন্ট ও বেলজিয়ামের কূটনীতিক অ্যালেক্স ভন মিউয়েন, যার দেশ অন্যান্য চারটি ইউরোপীয় দেশের মতোই ভোট দান থেকে বিরত থাকে।
তবে তাৎক্ষণিকভাবে এটা স্পষ্ট হয়নি, কখন মানবাধিকার পরিষদ তদন্ত কমিটি গঠন করবে কিংবা কমিটিতে কারা থাকছেন। তবে কূটনীতিকরা জানিয়েছে, ইসরায়েল তদন্ত কাজে সাহায্য করতে রাজি হবে না বলেই মনে হয়।
এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কমান্ডোদের প্রতিরোধ করতে গিয়েই তারা নিহত হয়েছে। কমান্ডোরা গাজা অভিমুখে জাহাজের চলাচল বন্ধের অভিযানে ছিল।
বুধবার সকাল থেকে ত্রাণবাহী জাহাজ থেকে গ্রেপ্তার করা ৬ শ' ৮২ জন ফিলিস্তিনের সমর্থক মানবাধিকার কর্মীকে মুক্তি দেওয়া শুরু করেছে ইসলায়েল।
২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ গঠিত হয়। এখানে উন্নয়নশীল দেশগুলোর নিয়ন্ত্রণ বেশ পোক্ত। এদের মধ্যে ওআইসির যথেষ্ট প্রভাব রয়েছে এবং তারা নিয়মিতই ইসরায়েলের নিন্দা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৩৪১ঘ.
bdnews24