কাবুল, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ নয় বছর ধরে চলা যুদ্ধ অবসান ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবারও আফগানিস্তানের আদিবাসী শীর্ষ নেতারা আলোচনা চালাচ্ছেন।
বুধবার এ আলোচনা সভা পণ্ড করতে তালেবান কমান্ডোরা হামলা চালায়। এতে দুইজন হামলাকারী নিহত হয়। একজনকে আটক করে পুলিশ।
অবশ্য তালেবান কমান্ডোদের চালানো রকেট হামলা ও গোলাগুলিতে শান্তি আলোচনা বা জির্গার অগ্রগতি নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাই ঐতিহ্যবাহী এ জির্গার উদ্বোধন করেন। ২০১১ সাল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে তালেবানদের সঙ্গে সমঝোতা করার যে পরিকল্পনা কারজাই নিয়েছেন তাতে জাতীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক জোশুয়া ফোউস্ট বলেন, "জির্গা মূলত একটি আনুষ্ঠানিক বিষয়। দীর্ঘদিন ধরেই এসব বিষয় চলছে এবং তারা কোনোকিছুই পরিবর্তন করে না।"
তিনি বলেন, "ঐতিহাসিকভাবে দেখলে বলা যায়, জির্গা হলো ঐক্যমত গঠনের জন্য নেতাদের ব্যবহৃত একটি মাধ্যম। এটা জাদুবিদ্যা নয়।"
বিশ্লেষক ফোউস্ট বলেন, "জির্গাতে বহু মানুষের উপস্থিতি ঘটে। তাই এটি হলো হামলার একটি আকর্ষণীয় লক্ষ্যবস্তু।"
রাজধানীর পশ্চিমাঞ্চলে অবস্থিত কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের এক বিশাল তাঁবুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়া প্রতিনিধিরা দেশটির সহিংসতার চক্র ভাঙ্গার উপায় নিয়ে আলোচনা করবেন।
বুধবার এ অনুষ্ঠান শুরুর পরপরই তালেবানরা হামলা চালায়। এরপরও আলোচনা অনুষ্ঠানে কারজাইয়ের উত্থাপিত শান্তি প্রস্তাব বিষয়ে প্রতিনিধিরা ছোট ছোট ২৮টি দলে বিভক্ত হয়ে বিতর্ক শুরু করে।
কারজাইয়ের প্রস্তাবের মধ্যে রয়েছে, চাকরি ও অর্থ প্রদানের মাধ্যমে তালেবান সেনাদের সমাজে ফিরিয়ে আনা এবং মুসলমান দেশগুলোতে আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি ও জাতিসংঘ প্রকাশিত কালোতালিকা থেকে নাম বাদ দিয়ে ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
যুদ্ধ বন্ধ করে দেশ গড়ার জন্য সরাসরি তালেবানদের প্রতি আহ্বানও জানান কারজাই।
তিনি বলেন, "আমার প্রিয় তালেবান ভাইয়েরা, এদেশে আপনাদের স্বাগত জানাই। দেশটির ক্ষতি করবেন না। আমরা সবাই এ মাটিতে জন্ম নিয়েছি। ভাই ভাই হিসেবে শান্তিতে আমরা এখানে থাকব এবং আসুন এটাকে পুনর্গঠন করি।"
প্রতিনিধিরা জানান, দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে।
সাবেক সেনা কর্মকর্তা ও আদিবাসী তাজিক কর্মকর্তা নাজিবুল্লাহ মুজাহিদ (৪২) বলেন, "যেসব কারণে আফগানিস্তানে এখনও যুদ্ধ চলছে তার একটি হলো বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি।"
তিনি বলেন, "এদেশের জনগণের সঙ্গে তারা যেমন আচরণ করে, যেভাবে তারা জনগণকে আটক করে, বিভিন্ন অভিযান চালায়, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইসলামিক মূল্যবোধকে অবহেলা করে- সেসব বিষয় তুলে ধরে আলোচনা ও সমাধানের উপায় বের না করলে জির্গা ফলপ্রসূ হবে না।"
২০১১ সালের জুলাই মাস থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর কান্দাহারে তালেবানদের মোকাবিলা করতে আগামী কয়েক সপ্তাহে অভিযান চালানো হবে বলেও আশা করা হচ্ছে।
এদিকে ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী তালেবানদের উৎখাতের চেষ্টা চালালেও বর্তমান সময়ে এসে তালেবানরা সবচেয়ে বেশি বিদ্রোহী হয়ে উঠেছে। এরকম পরিস্থিতিকে আফগান সেনা ও পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় হয়ে উঠতে পারছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২০ঘ.
bdnews24