২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক টেকাতে হলে গাজা অবরোধ তুলতে হবে: তুরস্ক

তুরস্ক বুধবার বলেছে, সম্পর্ক স্বাভাবিক করতে হলে ইসরায়েলকে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। তাদের পৃষ্ঠপোষকতায় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার পর সৃষ্ট ক্ষোভের বদলে শান্তি প্রতিষ্ঠার এটাই সুযোগ বলে জানায় তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 05:24 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

আঙ্কারা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্ক বুধবার বলেছে, সম্পর্ক স্বাভাবিক করতে হলে ইসরায়েলকে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। তাদের পৃষ্ঠপোষকতায় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার পর সৃষ্ট ক্ষোভের বদলে শান্তি প্রতিষ্ঠার এটাই সুযোগ বলে জানায় তুরস্ক। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত ডাভুতোগলু বলেন, "ইসরায়েলের পদক্ষেপের ওপর নির্ভর করবে তাদের সঙ্গে তুরস্কের ভবিষ্যত সম্পর্ক।" তিনি আরো বলেন, "গাজা অবরোধ প্রত্যাহার করলে এবং আমাদের নাগরিকদের মুক্তি দিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার কোনো কারণ দেখি না আমি।" গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলার প্রতিক্রিয়ায় সোমবার ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিল করে সেখান থেকে তাদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় তুরস্ক। বুধবার গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলার পর আটক ত্রাণকর্মীদের দেশে ফেরত পাঠাতে শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে তারা এ উদ্যোগ নেয়। তবে ২৪ ঘণ্টার মধ্যে তুর্কি ত্রাণকর্মীদের দেশে ফেরত পাঠানোর সময়সীমা বেঁধে দেয় তুরস্ক । এ সময়সীমা পূরণে ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে তুরস্ক বুধবার সতর্ক করে দেয়। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার পর প্রায় শতাধিক তুর্কি ত্রাণকর্মীকে আটক করে ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত ডাভুতোগলু ওয়াশিংটনে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলকে সতর্ক করেন। ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় সোমবার গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলের হামলার ঘটনায় হিলারির হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে অপহৃত হওয়া কাউকে বিচার করার অধিকার কারো নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, নৌবহরে থাকা সব বিদেশি নাগরিক এবং আটককৃতদের মঙ্গলবার রাত থেকে দেশে ফেরত পাঠানো শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই একাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। গাজা অভিমুখে যাত্রা করা ছয়টি জাহাজে ৩৮০ জন তুর্কি ছিল। ইসরায়েল ওই বহরেই হামলা চালায়। আঙ্কারায় এক কূটনৈতিক সূত্র বলেছে, হামলায় ৪ তুর্কি নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আর ২শ জন তুর্কিকে তুরস্কে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। এর আগের খবরে বলা হয় ১২০ জন সীমান্ত পেরিয়ে জর্ডানে পৌঁছার পথে। এদের বেশির ভাগই আলজেরিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক। অন্যদিকে, ৬০ জন তুর্কি তেল আবিবের কাছে বেন গারিয়ন বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দেশে ফেরার অপেক্ষায় আছে। ইসরায়েলি সেনা বেতার বুধবার একথা জানিয়েছে। গাজা অভিমুখে ত্রাণবাহী ছয়টি জাহাজের ৪২ টি দেশের ৬৮২ জন নাগরিকের মধ্যে যাদেরকে সোমবার ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের ৪৫ জনকে সোম ও মঙ্গলবারে দেশে ফেরত পাঠানো হয়েছে। ত্রাণ জাহাজে হামলার পর থেকে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেছে, তারা মধ্যপ্রাচ্যে তাদের একান্ত বন্ধু দেশকে হারানোর ঝুঁকি নিচ্ছে। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আগামী দিনগুলোতে ইসরায়েল যে পদক্ষেপ নেবে তার ভিত্তিতেই দেশটির অবস্থান নির্ধারিত হবে। ত্রাণ জাহাজে ইসরায়েলি কমান্ডো অভিযান বেআইনি এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন এরদোয়ান। ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বে নিন্দার ঝড় এখনো থামেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এ অভিযানের নিন্দা করে ঘটনার পরিপূর্ণ তদন্ত আহ্বান করেছে। এর পরিপ্রেক্ষিতেই আটক ত্রাণকর্মীদের মুক্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি ইসরায়েলি নাবিকদের ওপর হামলার অভিযোগে কয়েকজনকে বিচারের মুখোমুখি করার হুমকিও প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। রোববার গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে দুই রাজনীতিবিদ ও সুইডেনের লেখক হেনিং ম্যাঙ্কেলসহ প্রায় ৭শ' কর্মীকে আটক করে ইসরায়েলিরা। হামলায় তুরস্কের চারজনসহ মোট নয়জন কর্মী নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হেলিকপ্টার ও ছোট ছোট নৌকা থেকে কমান্ডোরা মাভি মারমারা জাহাজে হামলা এবং গুলি চালানোয় নয়জন নিহত হয়। এই বিষয়টিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'আত্মরক্ষামূলক' বলে অভিহিত করেছেন। ওদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে এক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা আবারো ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা খর্ব না করে গাজার জনগণের জন্য উন্নততর উপায়ে মানবিক সহায়তার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সাংবাদিকদের বলেন, "আমি মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে এ অবস্থাটা খুবই জটিল এবং সবদিক থেকে সতর্ক প্রতিক্রিয়া প্রয়োজন।" অন্যদিকে, হামলার কারণে সমালোচনা মুখে পড়লেও ইসরায়েলের নৌবাহিনী জানিয়েছে, আগামী সপ্তায় গাজায় আবারো ত্রাণ সরবরাহের চেষ্টা করা হলে তাতে বাধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা। এমনকি গাজায় অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে, ইসরায়েল আর কতদিন গাজার ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখবে এবং কীভাবে এ পরিস্থিতির ভুল ব্যাখ্যা করবে। ইসরায়েলের নৌবাহিনীর সদস্যরা নিজ দেশেই হামলার শিকার হয়েছে। এ চিত্র থেকে এটিই স্পষ্ট যে, ত্রাণবাহী জাহাজে হামলা চালানোর ঘটনায় ইসরায়েলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে রেডক্রস বলেছে, হতাহতের সংখ্যায় মূলত হামলার পদ্ধতি ও এতে ব্যবহৃত উপকরণের বিষয়ে গুরুতর প্রশ্ন জেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/এএইচ/২৩২১ ঘ.