জেরুজালেম, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)---- গাজায় নতুন করে ত্রাণ সরবরাহের চেষ্টা চালালে তাতে আবারো বাধা দেওয়ার হুঁমকি দিয়েছে ইসরায়েল। ত্রাণকর্মীরা মঙ্গলবার ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় ত্রাণ তৎপরতার ঘোষণা দিলে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করে।
ফ্রি গাজা মুভমেন্টের কর্মী গ্রেটা বার্লিন অন্য একটি জাহাজে করে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার বিষয়ে রয়টার্সকে বলেন, "গাজার ১৫ লাখ মানুষের ওপর ইসরায়েলের অবরোধ ভাঙতে আমরা একটি পদক্ষেপ নিচ্ছি। আমাদের অভিযান শেষ হয়নি এবং এটাও ত্রাণ সরবরাহের শেষ চেষ্টা হবে না।"
দ্য এমভি রাচেল কোরি নামের ঐ জাহাজটি সোমবার মাল্টা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করবে বলে বার্লিন জানান।
ওদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন সে জাহাজটি তার দেশের জানিয়ে বলেন, এতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া আয়ারল্যান্ডের এক ব্যক্তিসহ ১৫ ত্রাণকর্মী থাকবে।
তিনি পার্লামেন্টে বলেন, "ত্রাণ নিয়ে জাহাজটিকে গাজায় যেতে দেওয়ার জন্য আইরিশ সরকার ইসরায়েলি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।"
তবে নাম প্রকাশ না করে এক ইসরায়েলি মেরিন লেফটেন্যান্ট ইসরায়েলি আর্মি রেডিওতে বলেন, "রাচেল কোরিকে বাধা দিতেও আমরা প্রস্তুত থাকব।"
এর আগে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বিশ্বের বিভিন্ন দেশের চাপের মুখেও মঙ্গলবার তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসরায়েল।
গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরে সোমবারের হামলায় হতাহতের ঘটনার পরও ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলে, গাজা অবরোধ ভাঙার নতুন কোনো চেষ্টাও তারা প্রতিহত করবে।
তুরস্কের ত্রাণবাহী জাহাজটির ত্রাণকর্মীদের ইতোমধ্যেই ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইসরায়েল।
ওই জাহাজে ইসরায়েল সেনা অভিযান চালানোর পর হতাহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
তাছাড়া, মঙ্গলবার গাজার ওপর থেকে ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও রাশিয়া।
ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ ঘোষণায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।
একইসঙ্গে গাজায় অনতিবিলম্বে মানবিক ত্রাণ, বাণিজ্যিক দ্রব্যসামগ্রী এবং মানুষের যাতায়াতের জন্য অবরুদ্ধ সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানানো হয় এতে।
কিন্তু ইসরায়েল বলেছে, আমরা কোনো জাহাজ এবং ত্রাণ সরবরাহ গাজায় পৌঁছতে দেব না।
গাজা সন্ত্রাসী ঘাঁটিতে পরিণত হয়েছে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের উপ প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলনাই।
গাজায় ত্রাণ সরবরাহকারী নৌবহর পাঠানোর আয়োজকরা আরো দুটো ত্রাণ জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানানোর পর ভিলনাই একথা বলেন।
ইসরায়েলি হামলার শিকার মাভি মারমারা জাহজের এক গ্রীক কর্মী বলেছেন, ইসরায়েলি সেনারা তাদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ছুড়েছে এবং ইলেকট্রোশক অস্ত্র ব্যবহার করেছে।
ইসরায়েলের হাতে এখনো ৬৮৬ যাত্রী আটক রয়েছে এবং তাদেরকে ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জন ফিলিস্তিনপন্থি গ্রিক কর্মী আছে বলে জানান তিনি।
পরিচয় দিতে অস্বীকৃতি জানানো কর্মীদের ইসরায়েলি জেলে রাখা হয়েছে বলেও জানান ওই গ্রিক কর্মী।
ওদিকে, ইয়েমেনে ইসরায়েলের ত্রাণনৌবহরে হামলার প্রতিবাদে ফিলিস্তিন ও তুরস্কের পতাকা নিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রাজধানীর প্রধান সাবিন চত্বরে তারা ইসরায়েলের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।
অন্যদিকে, মানবিক ত্রাণ সরবরাহ করতে দেওয়ার জন্য মঙ্গলবার গাজার রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক।
তার নির্দেশে ক্রসিং খুলে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা খোলা থাকবে। গাজার সঙ্গে মিশর সীমান্ত সংলগ্ন এ ক্রসিংটিই একমাত্র পথ যার ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।
ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমাতে মিসর এ ক্রসিং খুলে দিয়েছে। রাফা ক্রসিং বন্ধ রাখার জন্য আঞ্চলিকভাবে কঠোর সমালোচনার শিকার হয়েছে মিশর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/বিবি/এলকিউ/এএইচ/কেএমএস/০০১৫ ঘ.
bdnews24