প্যারিস, জুন ০১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলজিয়ান কার্টুন সিরিজ টিনটিনের সংরক্ষণযোগ্য বিরল কিছু জিনিসপত্র নিলামে ১০ লাখ ইউরোরও বেশি দাম উঠেছে।
সোমবার নিলাম ডাককারী প্রতিষ্ঠান এ তথ্য জানায়।
জর্জেস রেমি 'হার্গে' ছদ্মনামে 'টিনটিন' সিরিজ সৃষ্টি করেন। ক্রমেই বিশ্বে তা অন্যতম জনপ্রিয় কৌতুক ধারাবাহিকে পরিণত হয়। এটি বিশ্বে ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। ২৪ খণ্ডের এই সিরিজটির প্রায় ২০ কোটি কপি বিক্রি হয়েছে।
টিনটিন সিরিজের ভক্তদের কাছে টিনটিন সম্পর্কিত যেকোনো কিছুই মহামূল্যবান ও সংরক্ষণযোগ্য বলে বিবেচিত। অনুসন্ধানী প্রতিবেদক আর তার ছোট্ট সাদা কুকুরের প্রতি ভক্তদের ভালোলাগার যেন শেষ নেই।
প্যারিসে মে মাসের ২৯ তারিখ থেকে শুরু হওয়া নিলামে ৭০ জন সংগ্রাহকের ২৩০টি আইটেম তোলা হয়েছে। এ নিলামে হার্গে ফাউন্ডেশনও অন্যতম অংশীদার।
সবকিছু শেষে এ নিলাম থেকে ১০ লাখ ৭১ হাজার ইউরোরও বেশি আসবে বলে এক বিবৃতিতে জানান নিলামকারী প্রতিষ্ঠানের মুখপাত্র পিয়াসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৫ঘ.
bdnews24