২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসিসিপি আলাবামায় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, বিপির শেয়ার পতন

মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ওপর বিপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হওয়ায় চলতি সপ্তাহে মিসিসিপি ও আলাবামা উপকূলে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ভেনিস, লা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ওপর বিপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হওয়ায় চলতি সপ্তাহে মিসিসিপি ও আলাবামা উপকূলে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা এ কথা জানায়। মার্কিন সরকার ও ব্রিটিশ তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)'র কর্মকর্তারা জানিয়েছে, তেল কূপের ফুটো বন্ধে 'টপ কিল' অভিযান ব্যর্থ হওয়ায় আগস্ট নাগাদ তেল নিঃসরণ বন্ধ করা হয়তো সম্ভব হবে না। যদিও বিপি ফুটো বন্ধে নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তুতি শুরু করেছে, তবে সে উদ্যোগে ফুটো বন্ধ সম্ভব হবে কি-না, সেটি অনিশ্চিত। এদিকে, সোমবার লন্ডন স্টক একচেঞ্জ ও ওয়াল স্ট্রিট ছুটির দিনের কারণে বন্ধ থাকলেও ফ্রাঙ্কফুর্টে বিপির শেয়ার ৭ শতাংশ পড়ে গেছে। প্রতিটি শেয়ারে প্রায় ৫ দশমিক ৪০ ইউরোর মতো দরপতন ঘটেছে। বিপির টপ কিল অভিযান ব্যর্থ হওয়ার খবরেই এ দরপতন শুরু হয়। রয়টার্স জানায়, গত দেড় মাস আগে তেল নিঃসরণ শুরু হওয়ার পর এ পর্যন্ত বিপির শেয়ারের মূল্য চার আনা কমে গেছে। প্রায় ৪ কোটি ২০ লাখ ডলারের ক্ষতি হয়েছে তাদের। সোমবার ছিল তেল নিঃসরণের ৪২তম দিন। এরই মধ্যে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ব বৃহৎ তেল নিঃসরণের ঘটনায় পরিণত হয়েছে এবং কর্মকর্তারা এটিকে দেশটির সবচেয়ে বড় পরিবেশগত দুর্যোগ হিসাবে দেখছে। এরই মধ্যে লুইজিয়ানা জলাভূমি ও মৎস্য আহরণ ক্ষেত্রে ব্যাপকভাবে তেল নিঃসৃত হওয়ায় মারাত্মক পরিবেশ ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সেইসঙ্গে ন্যাশনাল ওসেনিক ও অ্যাডমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, চলতি সপ্তাহে মাঝারি ধরনের দক্ষিণা ও দক্ষিণ-পশ্চিমা বায়ু প্রবাহের কারণে সমুদ্রের জলে নিঃসৃত তেল ভেসে ভেসে মিসিসিপি ব-দ্বীপের কাছাকাছি চলে যাবে। নোয়া তাদের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানায়, "মডেলের ফলাফল ইঙ্গিত করছে পূর্বাভাস সময়কালের শেষদিকে নিঃসৃত তেল উত্তরের দিকে এগুতে শুরু করতে পারে। এতে মিসিসিপি ও আলাবামার বাধ হুমকির মধ্যে পড়বে।" মিসিসিপি ও আলামাবা তাদের সমুদ্র উপকূল রক্ষায় আলকাতরা মাখা বল ও শোলা জাতীয় পদার্থের তৈরি বল দিয়ে ঘিরে রেখেছে। তবে নোয়া সতর্ক করে দিয়ে বলেছে, বাতাস ও সমুদ্র স্রোতের মাধ্যমে অপরীক্ষিত ফুটো দিয়ে নিঃসৃত তেল পর্যটন মক্কা ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে। কিউবা ও মেক্সিকোও এ থেকে বাদ যাবে না। এদিকে, তেল নিঃসরণ বন্ধের ব্যর্থতায় ক্ষুব্ধ মার্কিনিরা বিপির সম্পত্তি বাজেয়াপ্তের আহ্বান জানিয়েছে। প্রতিবাদকারীদের একটি সংগঠন সোমবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ৫০ টিরও বেশি শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে। তারা বিপির সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৩৫১ঘ.