আঙ্কারা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সোমবার ইসরায়েলের বিরুদ্ধে 'অমানবিক রাষ্ট্রীয় সন্ত্রাস' চালানোর অভিযোগ করেছেন।
গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলা সম্পর্কে এ অভিযোগ করেছেন তিনি।
ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফর সংক্ষিপ্ত করে তুরস্ক রওনা হওয়ার প্রাক্কালে টেলিভিশনে এক মন্তব্যে এরদোয়ান বলেন, "অমানবিক এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে আমরা কোনো ব্যবস্থা না নিয়ে চুপ করে বসে থাকব না।"
তিনি আরো বলেন, "আন্তর্জাতিক আইন পায়ে মাড়ানো হয়েছে।"
ওদিকে, ইসরায়েলের হামলার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
সোমবার ইসরায়েল ও তুরস্কের নেতাদের কাছে টেলিফোন করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বার্লিনে সাংবাদিকদের মের্কেল বলেন, "আমি ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছি। তাদের কাছে আমার গভীর উদ্বেগ প্রকাশ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০৭ ঘ.
bdnews24