২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভের মুখে ওবামা ও বিপি

তেল নিঃসরণ থেকে উপসাগর রক্ষায় আরো কিছু করার জন্য রোববার ব্রিটিশ তেল কোম্পানি বিপি ও ওবামা প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন সাংসদ ও জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 06:39 AM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ভেনিস, লা., মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল নিঃসরণ থেকে উপসাগর রক্ষায় আরো কিছু করার জন্য রোববার ব্রিটিশ তেল কোম্পানি বিপি ও ওবামা প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন সাংসদ ও জনগণ। তেল নিঃসরণের এ ঘটনাকে এক সাংসদ 'পরিবেশগত অপরাধ' বলে আখ্যা দিয়েছেন। শনিবার তেল নিঃসরণ বন্ধে পাম্পের মাধ্যমে তরল সরাতে ব্যর্থ হয়ে বিপির প্রকৌশলীরা এখন সমুদ্রের গভীরে কাজ করার চিন্তা করছে। তবে নতুন এ পদ্ধতিতে তেল নিঃসরণ বন্ধ করতে ৪-৭ দিন লাগতে পারে বলেও সতর্ক করে দিয়েছে তারা। এমনকি সমুদ্রের এক মাইল গভীরে (তেলকূপে বিস্ফোরণের ফলে এখান থেকে তেল নিঃসরণ হচ্ছে) এ ধরনের কাজ আগে কখনও করা হয়নি বলে এ কাজে সফলতার নিশ্চয়তাও দিচ্ছে না তারা। এনবিসি'র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে বিপির ব্যবস্থাপনা পরিচালক রবার্ট ডুডলে জানান, নতুন এ পদক্ষেপ কাজ করছে কিনা সে বিষয়ে এ সপ্তাহের শেষ নাগাদ জানা যাবে। সমালোচনার শিকার বিপির সিইও টনি হেইওয়ার্ডকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত নয় বলেও মনে করেন তিনি। এদিকে তেল নিঃসরণ বন্ধে শনিবার বিপি চেষ্টা চালালেও সফল হতে পারেনি। এতে করে যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে তা ওবামাকে বড় ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা তেল নিঃসরণ বন্ধে ওবামা প্রশাসন খুব ধীরে কাজ করছে বলে যে সমালোচনা শুরু হয়েছে তা দূর করার চেষ্টা করছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা হিসেবে বিবেচিত এ সংকট ডেমোক্রেটিক প্রেসিডেন্টের জন্য রাজনৈতিক দায়বদ্ধতায় পরিণত হতে পারে। হোয়াইট হাউসের শীর্ষ জ্বালানি উপদেষ্টা কারোল ব্রাউনার এনবিসি'র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে বলেন, "এদেশে এখন পর্যন্ত যতগুলো বিপর্যয়ের সম্মুখীন হয়েছি সম্ভবত এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।" এনার্জি ইনডিপেনডেন্স অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং বিষয়ক সিলেক্ট কমিটির সভাপতি ম্যাসাচুসেটস ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এড মার্কে তেল নিঃসরণ বন্ধে বারবার ব্যর্থ হওয়ায় বিপির সমালোচনা করেছেন। লুইজিয়ানা রাজ্যে তেল নিঃসরণ বন্ধে বালি দিয়ে বাঁধ তৈরির পরিকল্পনা করতে বিপি ও ফেডারেল সরকারের প্রতি দাবি জানিয়েছে সিনেটর ও স্থানীয় কর্তৃপক্ষ। প্লাকুয়েমাইনস পারিসের সভাপতি বিলি নুনগেসার বলেন, "আমি ধ্বংস হয়ে গেছি। ধীরে ধীরে আমরা শেষ হয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে তেল যখন জলাভূমির একটি অংশে ছড়িয়ে পড়ছে তখন লুইজিয়ানার একটি অংশও হারিয়ে যাচ্ছে।" পোর্ট সুলপুলে সেন্ট ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার গেরি বলেন, "সরকার এবং এমনকি বিশেষজ্ঞদেরও ক্ষমতাহীন মনে হচ্ছে। এরা তেল নিঃসরণ বন্ধ করতে না পারলে সৃষ্টিকর্তার নামে তাহলে কাজটা কে করতে পারবে?" এ অঞ্চলের জলাভূমি ও নদীর মোহনা রক্ষায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে বিপির প্রতি আহ্বান জানিয়েছেন লুইজিয়ানা ডেমোক্রেটিক সেনিটর মেরি ল্যানড্রিয়ু। এদিকে উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, ঝড়ো হওয়া ও বজ্রপাতের ফলে নিরাপত্তাজনিত কারণে রোববার ভেনিস, লুইজিয়ানায় তেল পরিষ্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত ২০ এপ্রিল তেলকূপ বিস্ফোরণের পর থেকে তেল নিঃসরণ শুরু হয়। সরকারি হিসেব মতে, তেলকূপ বিস্ফোরণের ফলে সৃষ্ট ছিদ্র দিয়ে দৈনিক ১২ হাজার থেকে ১৯ হাজার ব্যারেল তেল নিঃসৃত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৩ঘ.