টোকিও, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- জাপানে ওকিনাওয়া দ্বীপের মার্কিন বিমান ঘাঁটিকে কেন্দ্র করে বিরোধেরোববার ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি (এসডিপি)।
এতে করে পার্লামেন্টের উচ্চকক্ষে সরকারের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মুখে পড়েছে। জিজলি প্রেস একথা জানায়।
জাপানে জুলাইয়ে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের আগে জোটে এ ভাঙন প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামার ওপর আরো চাপ সৃষ্টি করেছে।
ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ফুতেনমা বিমান ঘাঁটি তুলে না নেওয়ার হাতোয়ামার সিদ্ধান্তের বিরোধিতা করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)।
এ বিরোধিতার তারণে শুক্রবার হাতোয়ামা এসডিপি প্রধান মিজুহো ফুকুশিমাকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করেন।
এরপর এসডিপি'র এক দলীয় সভায় সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের মহাসচিব ইয়াসুমাসা শিগেনো বলেন, "আমরা জোট ত্যাগ করবো। তবে পার্লামেন্টের উভয়কক্ষে অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবো।"
হাতোয়ামা তার নির্বাচনী প্রতিশ্র"তিতে ওকিনাওয়া থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেবেন বলেছিলেন।
কিন্তু শুক্রবার এক যৌথ বিবৃতিতে ওকিনাওয়ার স্থানীয় জনগণের আপত্তির মুখেও সেখানে ফুতেনমা ঘাঁটি বহাল রাখতে একমত হওয়ার কথা জানায় জাপান-যুক্তরাষ্ট্র।
২০০৬ সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ফুতেনমা বিমান ঘাঁটি ওকিনাওয়া দ্বীপের এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিতে চায়। কিন্তু স্থানীয় জনগণ চায় ওই ঘাঁটি পুরোপুরি ওকিনাওয়া থেকে তুলে দেওয়া হোক।
বিমানের শব্দ, দূষণ ও বিমান বিধ্বস্ত হওয়ার ঝুঁকি ছাড়াও মার্কিন সেনাদের সঙ্গে স্থানীয় অধিবাসীদের বাজে সম্পর্কের কারণে এ বিমান ঘাঁটি নিয়ে ক্ষিপ্ত ছিল স্থানীয়রা।
বিশেষ করে ১৯৯৫ সালে তিন মার্কিন সেনা ১২ বছর বয়সী এক জাপানি বালিকাকে ধর্ষণ করলে ঘাঁটি সম্পর্কে চূড়ান্ত বাজে ধারণা তৈরি হয় স্থানীয়দের মনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬০৭ ঘ.
bdnews24