সিউল, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ যেই ডুবিয়ে থাকুক চীন কাউকেই 'রক্ষা করবে না'। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শুক্রবার একথা বলেছেন।
দক্ষিণ কোরিয়া সফরকালে প্রেসিডেন্ট লি মায়ুং বাককে একথা বলেন ওয়েন। একইসঙ্গে কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতায় হুমকি সৃষ্টিকারী সব কর্মকান্ডেরও নিন্দা জানান তিনি।
লি র সঙ্গে বৈঠকে ওয়েন বলেন, কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী সব কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা ও আপত্তি জানাচ্ছে চীন।"
মার্চে দক্ষিণ কোরিয়ার জাহাজডুবিতে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি। ওয়েন এর উদ্ধৃতি দিয়ে এক দক্ষিণ কোরিয় কর্মকর্তা একথা জানিয়েছেন।
ওয়েন আরো বলেন, "চীন সরকার নিরপেক্ষ এবং সুষ্ঠু বিচার বিবেচনার মধ্য দিয়ে জাহাজডুবির ঘটনায় কি করা উচিত বা উচিত না সে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক তদন্ত এবং এর পরিপ্রেক্ষিতে প্রতিটি দেশের প্রতিক্রিয়ার বিষয়টিও মাথায় রাখবে।"
পূর্ব এশিয়ায় বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনায় অংশ নিতে শুক্রবার ওয়েন জিয়াবাও তিন দিনের সফরে দক্ষিণ কোরিয়া যান।
টর্পেডো হামলার ঘটনার পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের সঙ্গে কোনো চীনা নেতা বৈঠক করলেন।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া টপের্ডো হামলায় উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে ব্যাপক বিষোদগার শুরু করে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা এবং দুই দেশের সীমান্তে বাণিজ্যিক এলাকা কায়েসং ফ্যাকটরি পার্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
এতে ওই এলাকায় অবস্থান করা হাজারখানেক দক্ষিণ কোরীয় নাগরিকের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আশঙ্কা দেখা দেয়। ফলে সীমান্ত বন্ধ হলে শুক্রবার দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের উদ্ধারে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেয়।
গত ২৬ মার্চ পীত সাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান ডুবে যাওয়ার পর আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে এই জাহাজডুবির ঘটনা ঘটেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
চেওনান ডুবিতে ৪৬ জন দক্ষিণ কোরীয় নাবিক মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/বিবি/এলকিউ/১৮০৯ ঘ.
bdnews24