বেইজিং, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ বছরের সাজাপ্রাপ্ত চীনের এক সময়ের শীর্ষ ধনী হুয়াং গুয়ানগি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
শুক্রবার দ্য লিগাল ডেইলি এ তথ্য জানিয়েছে।
ঘুষ, গোপন বাণিজ্য ও অবৈধ ব্যবসার অভিযোগে রিটেইল চেইন গোমের প্রতিষ্ঠাতা হুয়াংকে এ মাসেই সাজা দেওয়া হয়। এর আগে অবশ্য এক বছরেরও বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন।
১৪ বছরের সাজা ছাড়াও তাকে ৬শ' মিলিয়ন ইওয়ান জরিমানা করা হয়েছে। এছাড়া তার ২০০ মিলিয়ন ইওয়ান মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘুষ প্রদানের অভিযোগে গোম ও তার অপর কোম্পানি পেনগ্রানকে যথাক্রমে ৫ মিলিয়ন ও ১.২ মিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়েছে।
লিগাল ডেইলি জানিয়েছে, হুয়াং বিশ্বাস করে, তাকে যে সাজা দেওয়া হয়েছে ও যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তা অনেক বেশি।
থমসন ওয়ান অ্যানালিটিকসের হিসেব অনুযায়ী, ২০০৯ এর শেষ নাগাদ গোমের মোট শেয়ারের এক তৃতীয়াংশের (১.৮ বিলিয়ন ডলার) মালিক ছিলেন হুয়াং।
এদিকে প্রথমবার হুয়াংকে গ্রেপ্তার করার পর তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। এতে করে চীনের পুলিশি প্রক্রিয়া প্রশ্নের মুখোমুখি হয়। বেশ কিছু উর্ধ্বতন পুলিশ ও অন্যান্য কর্মকর্তা তার এ মামলায় কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৪৪ঘ.
bdnews24