শিকাগো, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওষুধ সেবনে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাসের (এইচআইভি) সংক্রমণের সম্ভাবনা কমে বলে জানিয়েছেন গবেষকরা।
এইডস আক্রান্ত রোগীরা যেন নিয়মিত ওষুধ গ্রহণ করেন তার সমর্থনে চালানো এক জরিপে এই তথ্য পাওয়া যায় বলে বুধবার 'ল্যাঞ্চেট' জার্নালে জানানো হয়।
গবেষকরা জানিয়েছেন, এইচআইভি আক্রান্ত যেসব রোগী ওষুধ সেবন করেন, তাদের স্বামী বা স্ত্রীদের এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ কমে যায়।
ওষুধটি মূলতঃ বেশ কিছু ওষুধের একটি মিশ্রণ যা 'অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি' (এআরটি) নামে পরিচিত। এটি এইডস রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথের অধ্যাপক এবং গবেষক ড. কনি সেলাম বলেন, গবেষণা ফলাফলের একটি হলো, এআরটি সম্ভবত এইচআইভি সংক্রমণের সম্ভাবনা কমিয়ে আনে। এর পক্ষে কিছু শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।
গবেষকরা ৩ হাজার ৪০০ আফ্রিকান দম্পতি বেছে নেন যাদের শুধুমাত্র একজন এইচআইভি আক্রান্ত। এদের সবাইকে এইচআইভি প্রতিরোধ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এবং কয়েকজনকে ওষুধ সেবন করতে বলা হয়।
৩৪৯ জন ওষুধগুলো সেবন করা শুরু করেন। পুরো গবেষণার সময় ১০৩ জন এইচআইভি আক্রান্ত হয়। এদের মধ্যে মাত্র একজনের সঙ্গী প্রতিষেধক সেবন করতো।
সিয়াটলের ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের ভ্যাকসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ইনিস্টিটিউটের ড. ডেবোরাহ ডনেল বলেন, আমাদের পর্যবেক্ষণের পরিসংখ্যান খুব জোরালোভাবে সমর্থন করছে যে এআরটি এইচআইভি সংক্রমণের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়।
ডেবোরাহ বলেন, এই প্রতিষেধকগুলো রক্তে এইচআইভি জীবাণুর ঘনত্ব নিু পর্যায়ে রাখে, ফলে সংক্রমণের সম্ভাবনা কমে আসে। যারা প্রতিষেধক সেবন করেছিলো ৭০ শতাংশ ক্ষেত্রে তাদের রক্তে জীবাণুর মাত্রা কমে আসে।
এই গবেষণাটি এখন বড় পরিসরে চালানোর পরিকল্পনা চলছে। এর আগ পর্যন্ত বর্তমান ফলাফল জনস্বাস্থ্যের এবং চিকিৎসা বিজ্ঞানের কতোখানি উপকার করতে পারে তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান ডেবোরাহ।
১৯৮০ সালে এইচআইভি সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত হয় এবং প্রায় আড়াই কোটি মানুষ মারা যায়। এর কোনো প্রতিষেধক বা সম্পূর্ণ রোগমুক্ত হওয়ার মতো চিকিৎসা নেই, তবে নিয়মিত ওষুধ সেবন করলে আক্রান্ত রোগী সুস্থ থাকেন।
চিকিৎসা না নিলে এই ভাইরাস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে ফেলে। এতে রোগী যে কোনো সংক্রামক রোগ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
বর্তমানে বাজারে ২০টির বেশি ওষুধ রয়েছে যা এইচআইভি'র চিকিৎসায় ব্যবহার করা সম্ভব। এদের মধ্যে রয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ব্রিস্টল-মায়ার্স, অ্যাবট ল্যাবরেটরিজ প্রভৃতি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
তবে এই জীবাণু নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করে বলে রোগীকেও চিকিৎসার ধরন পরিবর্তন করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫০১ঘ.
bdnews24