২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে রিভেরা ও ফ্রিদার চিত্রকর্ম

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর বুধবার প্রথম বারের মতো জনসমক্ষে এসেছে বিখ্যাত মেক্সিকান চিত্রকর দিয়েগো রিভেরা ও তার স্ত্রী ফ্রিদা কাহালোর চিত্রকর্ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

নিউ ইয়র্ক, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্ধ শতাব্দীরও বেশি সময় পর বুধবার প্রথম বারের মতো জনসমক্ষে এসেছে বিখ্যাত মেক্সিকান চিত্রকর দিয়েগো রিভেরা ও তার স্ত্রী ফ্রিদা কাহালোর চিত্রকর্ম। অধিবাস্তবতা (সুররিয়ালিজম) ও কিউবার জাদুবিদ্যার (ভুদু) মিশেলে অংকিত লাতিন আমেরিকান চিত্রকর্মের এক নিলাম ডাকে উঠেছে বিখ্যাত এ দম্পতির চিত্রকর্ম। নিলাম ডাককারী প্রতিষ্ঠান ক্রিস্টি বুধ ও বৃহস্পতিবার এবং সথবি বৃহস্পতি ও শুক্রবার লাতিন আমেরিকান চিত্রকরদের আঁকা এসব চিত্রকর্ম বিক্রি করবে। দুটি প্রতিষ্ঠানই ২ কোটি ৫২ লাখ ডলার বিক্রির আশা করছে। সথবির লাতিন আমেরিকান শিল্প প্রধান কারমেন মেলিয়ান বলেন, "লোকজন আবারও তাদের টাকা পয়সা খরচ করতে শুরু করেছে, পকেট চেপে চলছে না। কেউ গাড়ি বাড়ি কিনছে, কেউ আবার বিনিয়োগ করছে শিল্পকর্মে।" সথবির সবচেয়ে দামি চিত্রকর্ম হিসাবে তালিকার শীর্ষে স্থান পেয়েছে কিউবান চিত্রকর ওয়াইফ্রেডো লামের "সুর লেস ট্রাসেস ট্রান্সফরমেশন' নামের চিত্রকর্মটি। যেটি তিনি প্যারিস থেকে দেশে ফিরে এঁকেছিলেন। প্যারিসে তিনি আন্দ্রে ব্রিটনের অধিবাস্তবতা চর্চাকারী দলের অন্যতম সদস্য ছিলেন। রিভেরার ১৯৫৩ সালে আঁকা "তেজেদোরা ওয়াই লস নিনোস' কিংবা 'তাঁতী ও শিশু" চিত্রকর্মটির ১৩ লাখ ডলার দাম ধরা হয়েছে বলে সথবি জানায়। ছবিটি অর্ধ শতাব্দীরও বেশি সময় পর জনসমক্ষে এল। সাদাকালো একটি ফটোগ্রাফের মাধ্যমে কিছু গুণীজন ছাড়া এর কথা কেউ জানতো না। এদিকে, ক্রিস্টির নিলাম ডাকে ৭২ বছর পর জনসমক্ষে এল প্রাক স্প্যানিশ আইডল ফ্রিদা কাহলুর বিরল চিত্রকর্ম। তার চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছে দেড় লাখ ডলার। 'সারভাইভার' নামে ফ্রিদার ওই ছবিটিতে রিভেরার সঙ্গে ফ্রিদা তার বোনের সম্পর্কের কথা জেনে প্রথমবারের বিয়ে বিচ্ছেদের পর যে মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যান, তাই রূপকার্থে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি তখন আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি জানায়। এদিকে, রিভেরার সাক্ষাৎকার নেওয়ার জন্য ছয় মাস লেগে থাকা মার্কিন নারী সাংবাদিক গ্ল্যাডি মার্চও এ নিলামের অংশ হয়েছেন। তাকে নিয়ে আঁকা রিভেরার ছবিটিও এ নিলামে ঠাঁই পেয়েছে। সেইসঙ্গে শিল্পানুরাগীদের জন্য এর সঙ্গে থাকছে রিভেরার সাক্ষাৎকার নেওয়ার সময় মার্চের নেওয়া নোট এবং রিভেরার আত্মজীবনীর পাণ্ডুলিপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪০৭ঘ.