কিংস্টোন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- জ্যামাইকায় মঙ্গলবার মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিস্টোফার 'দুদুস' নামের এক মাদকসম্রাটকে গ্রেপ্তারের উদ্দেশে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান চালালে মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে তাদের বন্দুযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে মঙ্গলবার রাজধানী কিংস্টোনের কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
মাদক চোরাচালানের অভিযোগে ৪২ বছর বয়সী ক্রিস্টোফারকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য সশস্ত্র সেনারা রাজধানী কিংস্টোনের একটি বস্তির ঘরে ঘরে তল্লাশি চালায়।
পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানায়, নিরাপত্তা বাহিনী অভিযান চালালে ২৮ জন বেসামরিক লোক ও নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত ও ২৫ জন আহত হয়।
ওদিকে, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জ্যামাইকা ভ্রমণের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছে।
সহিংস পরিস্থিতিতে কিংস্টোনে দূতাবাস বন্ধ করে সোমবার ভ্রমণকারীদের উদ্দেশে ওয়াশিংটন বলে, "কিংস্টোন,জ্যামাইকা ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ না করার জন্য পররাষ্ট্রবিভাগের পক্ষ থেকে হুঁশিয়ারি জানানো হচ্ছে।"
রোববার প্রধানমন্ত্রী ব্র"স গোল্ডিং রাজধানীতে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থা চলতে থাকা অবস্থায় অস্ত্রধারীরা দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।
গত সপ্তাহে জ্যামাইকা সরকার ক্রিস্টোফার দুদুস নামের এ মাদক চোরাচালান চক্রের নেতাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের একটি আদেশনামা সই করার পর ছড়িয়ে পড়া সহিংসতায় সোমবার প্রথম কোনো পুলিশ সদস্য নিহত হয়।
রবিনহুড খ্যাত দুদুস দরিদ্র জ্যামাইকাবাসীদের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের মধ্যে জনপ্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/২৪৩৩ ঘ.
bdnews24