সিউল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল সেনাবাহিনীকে যুদ্ধাবস্থায় রেখেছেন বলে জানা গেছে। এর ফলে উপদ্বীপ অঞ্চলটিতে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ চেওনানকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর উত্তর কোরিয়া ক্রমশ যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এরই ধারাবাহিকতায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংবাদ সংস্থা ইয়োন হাপ মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধাবস্থার ঘোষণা ইতোমধ্যে দক্ষিণ কোরীয় অস্থিতিশীল অর্থবাজারে আঘাত হেনেছে। এরই মধ্যে দেশটিতে শেয়ারে ৩ শতাংশ দর পতন ঘটেছে।
উত্তর কোরিয়ার স্থানীয় একটি গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে ইয়োন হাপ জানায়, কিমের নির্দেশ দেশটির শীর্ষ সেনা কর্মকর্তার মাধ্যমে ইতোমধ্যে জারি হয়ে গেছে।
তবে বিষয়টি উত্তর কোরীয় সংবাদ মাধ্যম কিংবা অন্যকোনো সূত্র নিশ্চিত করতে পারেনি।
দক্ষিণ কোরিয়া সোমবার উত্তর কোরিয়ার সাথে সব ধরনের বাণিজ্যিক যোগাযোগ বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি উত্তর কোরীয় বাণিজ্যিক পরিবহণে নিয়োজিত জাহাজকে তাদের সমুদ্রসীমা ব্যবহার করতে দেবে না বলেও জানায়। এর ফলে উত্তর কোরীয় নড়বড়ে অর্থনীতি আরো কাবু হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তায় দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ ডুবিতে উত্তর কোরিয়া দায়ী বিষয়টি প্রায় প্রমাণিত হয়ে যাওয়ার পর থেকে উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
মার্চে যুদ্ধজাহাজ চেওনান ডুবিতে ৪৬ জন দক্ষিণ কোরীয় নাবিক মারা যান।
উপদ্বীপাঞ্চলটিতে প্রায় ২৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসন ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন চলে না যায় সে লক্ষ্যেই তারা কাজ করছে।
অন্যদিকে, উত্তর কোরিয়া তার সীমান্তে প্রায় ১০ লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে বলে জানা গেছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী।
কিন্তু উত্তর কোরিয়ার সেনাবাহিনী অস্ত্র-শস্ত্রে ততোটা উন্নত নয়। তাই বিশ্লেষকরা মনে করে, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনীর সঙ্গে পূর্ণদ্যোমে যুদ্ধে যাওয়া উত্তর কোরিয়ার জন্য বুমেরাং হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৮ঘ.
bdnews24