২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে শিশু মৃত্যু কমেছে

গোটা বিশ্বে শিশু মৃত্যু হার কমেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু কমছে প্রায় সব দেশেই। যুক্তরাষ্ট্রের গবেষকরা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ওয়াশিংটন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোটা বিশ্বে শিশু মৃত্যু হার কমেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু কমছে প্রায় সব দেশেই। যুক্তরাষ্ট্রের গবেষকরা রোববার একথা জানিয়েছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদল জানায়, ১৯৯০ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা যেখানে ছিল ১১ দশমিক ৯ মিলিয়ন সেখানে এ হার কমে ২০১০ সালে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭ মিলিয়নে। গবেষকরা শিশু মৃত্যুহার গণনায় নতুন একটি পদ্ধতি ব্যবহার করেছেন। তারা বলছেন, পূর্ববর্তী পদ্ধতিগুলোর চেয়ে সম্পূর্ণ ও সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি বেশি উপযোগী। সেপ্টেম্বরে জাতিসংঘের শিশু তহবিল প্রকাশিত ফলাফলের সঙ্গে এ গবেষণা ফলাফল সামঞ্জস্যপূর্ণ। ইউনিসেফ জানায়, ম্যালেরিয়া প্রতিরোধে অগ্রগতি এবং এইডস্ আক্রান্ত মায়ের শিশুকে রক্ষা করতে ওষুধের ব্যবহার শিশু মৃত্যুহার কমিয়ে এনেছে। ১৯৯০ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা ছিল ১২ দশমিক ৫ মিলিয়ন। ২০০৮ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ মিলিয়নে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, ইউনিসেফের প্রদত্ত সংখ্যার চেয়ে বর্তমানে ৮ লাখ শিশু কম মারা যাচ্ছে। গবেষণার পরিচালক জুলি নল রাজারতনম এক বিবৃতিতে বলেন, "পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী ধীরে ধীরে শিশু মৃত্যুহার কমছে এবং সদ্যপ্রসূত শিশু মৃত্যু প্রায় ঘটছেই না।" গত বছর বিশ্বে ৩ দশমিক ১ মিলিয়ন নবজাতক, ২ দশমিক ৩ মিলিয়ন শিশু এবং ১ থেকে ৪ বছর বয়সী ২ দশমিক ৩ মিলিয়ন শিশু মারা গেছে। গবেষণার এ ফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ চিকিৎসা বিষয়ক সাময়িকী 'দ্য ল্যান্সেট' এ। জুলি নল রাজারতনম ও তার সহকর্মী ক্রিস্টেফার মারে লিখেছেন, বিশ্বের সব দেশেই পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার কমছে। শুধু সোয়াজিল্যান্ড, লেসোথো, ইকুয়াটোরিয়াল গুনিয়া এবং এন্টিগুয়া ও বারবুদায় এ হার বাড়ছে। তারা জানায়, প্রতি বছর শিশুমৃত্যুহার ২ শতাংশেরও বেশি কমছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৭ঘ.