কাঠমুন্ডু, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আবহাওয়া অনুকূলে থাকায় চলতি সপ্তাহে মাউন্ট এভারেস্ট জয় করেছে ২০০'রও বেশি পবর্তারোহী।
একজন নেপালি কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
নেপালের পর্বতারোহণ বিভাগের কর্মকর্তা তাইলাক পান্ডে এএফপিকে টেলিফোনে জানান, এ সপ্তাহের শেষ দিকে আরোহণ মৌসুমে শেষ হওয়ার আগেই আরো অনেক পর্বতারোহী এভারেস্টের চূড়ায় আরোহণের চেষ্টা করছে।
তিনি আরো বলেন, "সপ্তাহান্তে (শনি ও বোরবার) প্রায় ২১৬ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠেছে। আরো অন্ততপক্ষে ৩০ জন আগামীকাল পর্বতারোহণ করবে বলে ধারণা করা হচ্ছে।"
তিব্বত থেকে যারা পবর্তারোহণ করেছে তাদেরকে এ হিসাবের বাইরে রাখা রয়েছে। এভারেস্টে সর্বকনিষ্ঠ আরোহী ১৩ বছরের জর্ডান রোমেরো। শনিবারে রোমেরো পর্বতারোহণ করে।
৮ হাজার ৮ শত ৪৮ মিটার উচ্চতাবিশিষ্ট মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি ও তেনজিং নর্গে শেরপা আরোহণের পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৯০০ জন এভারেস্ট চূড়ায় আরোহণ করেছে।
বসন্ত ও গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে এপ্রিলের শেষ ও মে মাসে এভারেস্টের চূড়ায় আরোহণের জন্য আবহাওয়া সবচেয়ে বেশি অনুকূল থাকে। অবশ্য শরতের প্রথম দিকেও এভারেস্টে আরোহণ করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৪ ঘ.
bdnews24