ওয়াশিংটন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার যে কোনো হামলা মোকাবিলায় দক্ষিণ কোরীয় বাহিনীর প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস এ কথা জানান।
গিবস জানান, উত্তর কোরিয়াকে শাস্তি দিতে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ং বাকের পরিকল্পনায় জোর সমর্থন যুগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া কিছুদিন আগে টর্পেডো দিয়ে দক্ষিণ কোরীয় এক যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়। এতে ৪৬ জন নাবিক মারা যান। এ ঘটনার পর থেকে দুই কোরিয়ার মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র বলে পরিচিত।
হোয়াইট হাউজ উত্তর কোরিয়ার প্রতি ক্ষমা চাওয়া ও আচরণ পরিবর্তনের আহ্বান জানিয়েছে বলে বিবৃতিতে গিবস জানান, "আমরা প্রেসিডেন্ট লি'র ইচ্ছাকে সমর্থন জানিয়েছি। তার ইচ্ছা উত্তর কোরিয়া তার কৃতকর্মের জন্য দ্রুত ক্ষমা প্রার্থনা করুক এবং জাহাজডুবির ঘটনায় জড়িতকে শাস্তি দেওয়া হোক। পাশাপাশি সবচেয়ে জরুরি বিষয়, দেশটি যেন তার যুদ্ধংদেহী আচরণ ও হুমকি দেওয়া বন্ধ করে।"
তিনি আরো জানান, "দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি অত্যন্ত পরিস্কার। উত্তর কোরিয়ার যে কোনো আগ্রাসন মোকাবিলায় দক্ষিণ কোরীয় বাহিনীকে ঘনিষ্টভাবে সহযোগিতা করার জন্য প্রেসিডেন্ট মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন।"
ওবামা ও লি আগামী মাসে কানাডায় অনুষ্ঠিতব্য জি-২০'র শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আলোচনা করবেন বলে সম্মত হয়েছেন।
গত সপ্তায় একটি আন্তর্জাতিক তদন্তকারী দল নিশ্চিত হয় যে, মার্চে উত্তর কোরিয়াই টর্পেডো দিয়ে দক্ষিণ কোরীয় যুদ্ধ জাহাজ 'চেওনান' ডুবিয়ে দিয়েছে।
সেনা সমর্থন দিতে ইতোমধ্যেই প্রায় ২৮ হাজার মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে।
কৌশলগতভাবে দুই কোরিয়াই এখন যুদ্ধের মধ্যেই অবস্থান করছে। উভয়দেশই সীমান্তে ১০ লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৭ঘ.
bdnews24