২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের স্মৃতিচিহ্নের সঙ্গে এক রাত

জাপানের ধর্মীয় রীতি অনুসারে মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষির্কীতে তার স্মৃতিচিহ্নের সঙ্গে রাত কাটাবেন নির্বাচিত জাপানি ভক্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:57 AM

Updated : 25 Aug 2022, 11:00 AM

টোকিও, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ধর্মীয় রীতি অনুসারে মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষির্কীতে তার স্মৃতিচিহ্নের সঙ্গে রাত কাটাবেন নির্বাচিত জাপানি ভক্তরা। গত বছর ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে আকস্মিক মৃত্যু হয় জ্যাকসনের। এতে সারা বিশ্বে তার অগণিত ভক্তরা আঘাত পান। আকস্মিক এই ঘটনা বিশ্বে জ্যাকসনের সঙ্গীত নিয়ে নতুন করে উন্মাদনার সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে জ্যাকসনের শেস কনসার্টের উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্র 'দিস ইজ ইট' বিশ্বব্যাপী ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। জ্যাকসনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী থাকায় তার ভক্তদের কাছে ইতিমধ্যেই তীর্থস্থানের মর্যাদা পেয়েছে টোকিও টাওয়ার। গত ১ মে থেকে টোকিও শহরের প্রাণকেন্দ্রে দর্শনীয় এই ভবনটিতে প্রদর্শনীটি চালু হওয়ার পরে প্রায় তিন লাখ ভক্ত এখানে এসেছে। টোকিও টাওয়ারের সংশ্লিষ্ট কর্মকর্তা হিরোয়ুকি তাকামুরা বলেন, পশ্চিমা সংস্কৃতিতে এটা বেশ অদ্ভূত মনে হতে পারে। তবে জাপানে কারো মৃত্যুবার্ষিকীতে মৃত ব্যক্তির স্মৃতিচিহ্নের সঙ্গে সারারাত কাটানো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি। জ্যাকসনের স্মৃতিচিহ্ন নিয়ে পৃথিবীর একমাত্র আনুষ্ঠানিক প্রদর্শনী এটি। বিখ্যাত 'নেভারল্যান্ড র‌্যাঞ্চ' থেকে সংগ্রহ করা জ্যাকসনের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও অন্যান্য দ্রব্য, অসংখ্য পুরস্কারসহ আরো অনেক কিছু আছে এখানে। ২৫ জুন রাতে নির্বাচিত ভক্তরা প্রদর্শনীর স্থানে ঢুকবেন এবং পরদিন সকাল পর্যন্ত সেখানে থাকার সুযোগ পাবেন। জ্যাকসনভক্ত মামিকো মোরি বলেন, জ্যাকসনের স্মৃতিচিহ্নগুলোর সঙ্গে রাত কাটানোর সুযোগটি অবিস্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। আমি এই প্রদর্শনীটিতে আট বারেরও বেশি এসেছি। প্রতিবারই তাকে আরো বেশি আপন মনে হয়েছে। অবশ্য দর্শণার্থীদের এই অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগের জন্য গুণতে হবে এক হাজার ডলার। এই প্রদর্শনীর আয়োজক ম্যাট ট্যাইলর বলেন, প্রতিদিন জ্যাকসনের ভক্তরা ধর্মীয়ভাবেই প্রদর্শনীতে অবস্থান করে। কেউ কেউ ছয় ঘণ্টা বা তারও বেশি সময় প্রদর্শনীতে কাটায়। তিনি বলেন, আবার কেউ কেউ জ্যাকসনের স্মৃতিচিহ্নের সামনে অবস্থানকালে আবেগতাড়িত হয়ে পড়ে। চোখে পানি নিয়ে তারা জ্যাকসনের স্মৃতিচিহ্নগুলোর সামনে দাঁড়িয়ে থেকে তাকে হারানোর দুঃখ ভোলার চেষ্টা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৫২ঘ.