২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজডুবির ঘটনা নিয়ে জাতিসংঘে যাবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া জাহাজডুবির ঘটনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে বলে জানিয়েছে। উত্তর কোরিয়ার টর্পেডোয় জাহাজডুবি হয়েছে অভিযোগ করার পর পিয়ংইয়ংকে আরো কোণঠাসা করতে দক্ষিণ কোরিয়া এ ব্যবস্থা নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

সিউল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়া জাহাজডুবির ঘটনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে বলে জানিয়েছে। উত্তর কোরিয়ার টর্পেডোয় জাহাজডুবি হয়েছে অভিযোগ করার পর পিয়ংইয়ংকে আরো কোণঠাসা করতে দক্ষিণ কোরিয়া এ ব্যবস্থা নিচ্ছে। মার্চে টর্পেডোর আগাতে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ ডুবে ৪৬ জন নিহত হয়। উত্তর কোরিয়ার টর্পেডোই জাহাজ ডুবিয়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। ওদিকে, উত্তর কোরিয়াও পাল্টা অভিযোগে বলেছে, দক্ষিণ কোরিয়া পরিস্থিতি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। জাহাজডুবির জন্য শাস্তি দেওয়া হলে উত্তর কোরিয়া যুদ্ধ শুরুরও হুমকি দিয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি-ধামকিতে কোরিয়ার উপদ্বীপে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়া বিষয়টি জাতিসংঘে তোলার কথা জানাল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র লি ডং-কন বলেন, "প্রেসিডেন্ট জাহাজডুবির ঘটনার বিরুদ্ধে করণীয় কয়েকটি বিষয় উপস্থাপন করবেন। একটি হল নিজস্ব বিভিন্ন পদক্ষেপ। অন্যটি হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ..... সেইসঙ্গে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনাও উল্লেখ করবেন তিনি।" তিনি আরো বলেন, সোমবার গ্রীনিচ মান সময় ০১০০ টায় এ সম্পর্কে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট লি মায়ুং-বাক এর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ ঘ.