ইসলামাবাদ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, নতুন করে রাজনীতিতে যোগ দিতে তিনি দেশে ফিরে যেতে চান।
তবে প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামবেন সেটি পরে দেখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন একথা জানিয়েছে।
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী মুশাররফ ২০০৮ সালে পদত্যাগ করেন।
গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার তিনি নতুন করে রাজনীতি শুরু করার কথা বললেও রাজনীতি বিশ্লেষকরা এ সম্ভাবনাকে তেমন গুরুত্ব দেননি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশাররফ বলেন, "আমি পাকিস্তানে ফিরে যাওয়া এবং রাজনীতিতে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছি। তবে আমি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হব কিনা সেটি পরে দেখা যাবে।"
মুশাররফ প্রায় এক বছর ধরে দেশ ছাড়া এবং তিনি তার বেশির ভাগ সময়ই কাটান ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে।
১৯৯৯ সালের সামরিক অভ্যুত্থান এবং মুশাররফকে অনেক পাকিস্তানিই স্বাগত জানিয়েছিল। কারণ, অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানে কয়েক দশকের কোন্দলপূর্ণ রাজনীতির অবসান ঘটেছিল।
তবে মুশাররফের শাসন দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট হিসাবে অপ্রিয় হয়ে উঠছিলেন তিনি।
২০০৭ সালে পাকিস্তানের বিচার বিভাগের সঙ্গে মুশাররফের দ্বন্দ্ব চরমে পৌঁছে, যখন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বরখাস্ত করেন। ওই বিচারপতি মুশাররফের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।
এরপর কয়েক মাস ধরে পারভেজ মুশাররফের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধে পাকিস্তানে। বিচারকরা দলে দলে বিরোধী পক্ষে যোগ দিয়ে দেশজুড়ে চরম আন্দোলন গড়ে তোলে এবং মুশাররফকে তারা স্বৈরশাসক হিসাবে অভিহিত করে।
এ সময় মুশাররফ সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করার চেষ্টা করেন। বেনজির স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে ২০০৭ সালের অক্টোবর মাসে পাকিস্তানে ফিরে আসলেও এক নির্বাচনী প্রচারাভিযানে বোমা হামলার শিকার হয়ে মারা যান।
মুশাররফ সরকার বেনজির হত্যায় পাকিস্তানি তালেবানদের দায়ী করলেও অনেক পাকিস্তানিই মনে করেন মুশাররফের ঘনিষ্ঠ সেনাবাহিনীর একটা অংশ এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।
এরপর ২০০৮ সালের ফেব্র"য়ারির নির্বাচনে মুশাররফের দল হেরে যাওয়ার পর তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং দেশ ছাড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৭ ঘ.
bdnews24